
সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশের উপকূলীয় ১৫ টি জেলায় গিরিশমা কাল আসার আগেই মারাত্মক লবণাক্ততার কারণে খাবার পানির উপর প্রভাব পড়েছে। এক্ষুনি দেখা দিয়েছে খাবার পানি সংকট। মানুষের জীবনে পানির সংকট আজ সবচেয়ে বড় বাস্তবতা। একসময় বৃষ্টির পানি, পুকুর ও দীঘি এবং অগভীর ও গভীর নলকূপ ছিল সুপেয় পানির প্রধান উৎস। বর্ষা মৌসুমে সংগৃহীত বৃষ্টির পানি দীর্ঘদিন ধরে নিরাপদ পানির ভরসা জুগিয়েছে এবং শুষ্ক মৌসুমে পুকুর ও নলকূপের পানির ওপর নির্ভর করেই চলত দৈনন্দিন জীবন।
আমাদের উপকূলীয় জীবন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সুপেয় পানির তীব্র সংকট, অন্যদিকে ক্রমবর্ধমান লবণাক্ততার আগ্রাসন এই দুই মিলিয়ে উপকূলীয় জীবনে নেমে এসেছে এক নীরব মানবিক বিপর্যয়। শ্যামনগর থানার মুন্সিগন্জ ইউনিয়ন, সুন্দরবন কোল ঘেশে বেড়ে ওঠা এই জনপদ। সুপেয় পানি আর লবনাক্ততা যেন তাদের জীবন পরিক্রমায় এক একটা অধ্যায় তৈরি করেছে। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন উপকূলীয় সংকটের এক জীবন্ত প্রতিচ্ছবি। সুন্দরবনের সন্নিকটে অবস্থিত এই জনপদ একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও অন্যদিকে লবণাক্ততা, পানিসংকট ও জীবিকা অনিশ্চয়তার নির্মম বাস্তবতায় আবদ্ধ। এখানে জীবনযাপন মানেই প্রতিদিন নতুন করে টিকে থাকার সংগ্রাম। পানিসংকট, লবণাক্ততার বিস্তার, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যগত ও পরিবেশগত প্রভাব সব মিলিয়ে লবণাক্ততা আজ উপকূলের মাটি, পানি ও মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করেছে।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে পানির সংকট আজ সবচেয়ে বড় বাস্তবতা। একসময় বৃষ্টির পানি, পুকুর ও দীঘি এবং অগভীর ও গভীর নলকূপ ছিল সুপেয় পানির প্রধান উৎস। বর্ষা মৌসুমে সংগৃহীত বৃষ্টির পানি দীর্ঘদিন ধরে নিরাপদ পানির ভরসা জুগিয়েছে এবং শুষ্ক মৌসুমে পুকুর ও নলকূপের পানির ওপর নির্ভর করেই চলত দৈনন্দিন জীবন। কিন্তু ক্রমবর্ধমান লবণাক্ততার আগ্রাসনে এই উৎসগুলো আজ ভয়াবহভাবে সংকুচিত হয়ে পড়েছে। অধিকাংশ পুকুর ও দীঘির পানি লবণাক্ত হয়ে যাওয়ায় তা আর পানযোগ্য নেই, এমনকি গৃহস্থালি কাজেও ব্যবহার করা কঠিন হয়ে উঠেছে। একইভাবে ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অগভীর ও গভীর নলকূপের পানিও নিরাপদ থাকছে না। উপকূলীয় এলাকায় বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ নলকূপের পানিই লবণাক্ত, যা সুপেয় পানির সংকটকে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলেছে।
জানুয়ারী শেষে থেকে শুরু পানির হাহাকার, কিছুটা কমে যদি জুন জুলাই তে বৃষ্টির দেখা ও তার প্রভাব বৃদ্ধি পায়। তা নাহলে পানির হাহাকার চলতেই থাকে। কেনা পানির উপর নির্ভর করে জীবন চালাতে হয়।
গুরুদাস ঢালী
পানির এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠেছে নারী ও কিশোরীরা। পরিবারের পানির চাহিদা মেটানোর দায়িত্ব মূলত তাদের কাঁধেই পড়ে। অনেক ক্ষেত্রে দিনে দুই থেকে তিন কিলোমিটার, কোথাও তারও বেশি দূরত্ব অতিক্রম করে পানি সংগ্রহ করতে হয়। এই দীর্ঘ পথচলা তাদের শারীরিক সক্ষমতাকে ক্ষয় করছে, বাড়াচ্ছে নানা ধরনের অসুস্থতা। পানির জন্য সময় ব্যয় করতে গিয়ে অনেক কিশোরী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না, ফলে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি দূরবর্তী স্থানে পানি আনতে গিয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কাও নিত্যসঙ্গী হয়ে উঠেছে।
উপকূলীয় এলাকায় লবণাক্ততার বিস্তারের পেছনে রয়েছে একাধিক কারণ। কারণগুলোর মধ্যে অন্যতম হলো অপরিকল্পিত চিংড়ি চাষ। উপকূলীয় এলাকায় নির্বিচারে চিংড়ি ঘের স্থাপনের ফলে ইচ্ছাকৃতভাবে জমিতে লবণাক্ত পানি প্রবেশ করানো হচ্ছে, যা আশপাশের জমি ও পানির উৎসকেও লবণাক্ত করে তুলছে। নদী দখল, নিয়মিত খননের অভাব এবং দুর্বল বাঁধ ও স্লুইসগেট ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে লবণাক্ততা শুধু পানির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং কৃষিজমি, বসতভিটা ও জীববৈচিত্র্যকেও ধীরে ধীরে গ্রাস করছে।
লবণাক্ত পানি ব্যবহার উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর সৃষ্টি করছে এক নীরব কিন্তু গভীর বিপর্যয়। দীর্ঘদিন লবণাক্ত পানি পান ও ব্যবহার করার ফলে মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পাশাপাশি কিডনি রোগ, ত্বকের সমস্যা, চোখের জ্বালা ও সংক্রমণের মতো রোগ ব্যাপক আকার ধারণ করছে। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে লবণাক্ত পানির প্রভাব আরও মারাত্মক, যা গর্ভকালীন জটিলতা ও মাতৃস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় অঞ্চলে উচ্চ রক্তচাপের হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা এই সংকটের গভীরতাকেই নির্দেশ করে।
লবণাক্ততার সরাসরি প্রভাব পড়েছে উপকূলীয় কৃষি ব্যবস্থার ওপর। একসময় যেখানে ধান, ডাল ও নানা ধরনের শস্য উৎপাদিত হতো, সেখানে এখন ফসল ফলানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। লবণাক্ততার কারণে ধান ও অন্যান্য শস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফসলের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে এবং বহু জমি অনাবাদি বা পতিত হয়ে পড়ছে। এর ফলে খাদ্যনিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি কৃষিনির্ভর মানুষের জীবিকাও অনিশ্চিত হয়ে উঠছে। কৃষির এই সংকট মানুষের জীবিকায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। অনেক মানুষ বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে চিংড়ি চাষ, দিনমজুরি কিংবা শহরমুখী অভিবাসনের পথে হাঁটছে। এতে একদিকে সামাজিক কাঠামো ভেঙে পড়ছে, অন্যদিকে পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন ধরনের অর্থনৈতিক ও মানসিক চাপ।
লবণাক্ততার প্রভাব উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও ভয়াবহ। মিঠাপানির মাছ ও জলজ প্রাণী ক্রমেই বিলুপ্তপ্রায় হয়ে উঠছে। লবণ সহ্য করতে না পেরে অনেক গাছপালা শুকিয়ে যাচ্ছে, বনজ ও কৃষিভিত্তিক উদ্ভিদ বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশব্যবস্থাও এই লবণাক্ততার চাপে হুমকির মুখে পড়েছে। উপকূলীয় পরিবেশের এই অবক্ষয় দীর্ঘমেয়াদে জলবায়ু ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
উপকূলীয় অঞ্চলের পানিসংকট ও লবণাক্ততা মোকাবিলায় রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা জরুরি। নিরাপদ পানির অবকাঠামো সম্প্রসারণ, উপকূল ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা, অপরিকল্পিত চিংড়ি চাষ নিয়ন্ত্রণ, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং স্থানীয় মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি জলবায়ু অর্থায়নের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত না করা গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
মুন্সীগঞ্জ ইউনিয়ন। সুন্দরবনের কোল ঘেঁষা এই জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে যতটা সমৃদ্ধ, জীবনধারণের জন্য ততটাই কঠোর। বিশেষ করে সুপেয় পানির সংকট এখানে এক চিরস্থায়ী অভিশাপ। এই ইউনিয়নেরই সানাপাড়া গ্রামের এক গৃহবধূর জীবনকাহিনী শুনলে আধুনিক সভ্যতায় আমাদের উন্নয়ন ও মানবিকতার দাবি থমকে দাঁড়ায়। দীর্ঘ তিন বছর ধরে তিনি প্লাস্টিকের পলিথিন ব্যাগে বৃষ্টির পানি জমিয়ে রেখে নিজের ও পরিবারের তৃষ্ণা মেটাচ্ছেন। এটি কেবল একটি বেঁচে থাকার গল্প নয়, বরং আমাদের সামাজিক বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের এক নিদারুণ দলিল।
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে ভূগর্ভস্থ পানি পানের অনুপযুক্ত। পুকুর বা খালের পানিও বছরের অধিকাংশ সময় লবণাক্ত থাকে। এই অবস্থায় বৃষ্টির পানিই একমাত্র ভরসা। কিন্তু সেই পানি ধরে রাখার জন্য প্রয়োজন বড় ট্যাংক বা হার্ভেস্টিং সিস্টেম, যা বেশ ব্যয়বহুল। সানাপাড়ার সেই গৃহবধূর কোনো বড় পাত্র বা ট্যাংক কেনার সামর্থ্য নেই। নিরুপায় হয়ে তিনি সাধারণ পলিথিন ব্যাগে বৃষ্টির পানি সংগ্রহ করেন এবং তা সারাবছর ব্যবহারের জন্য জমিয়ে রাখেন।
পলিথিনের ব্যাগে পানি রাখা যেমন কষ্টসাধ্য, তেমনি তা সংরক্ষণ করাও এক নিরন্তর যুদ্ধ। রোদে পলিথিন ফেটে যাওয়া বা পোকা-মাকড়ের উপদ্রব থেকে পানি রক্ষা করতে তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। যে পানি জীবন বাঁচানোর কথা, সেই পানিই তিনি অনিরাপদ জেনেও পান করতে বাধ্য হচ্ছেন।
গৃহবধূর সবচেয়ে বড় আক্ষেপ হলো সামাজিক অবহেলা। তাঁর ভাষায়, “গরিব বলে সমাজে আমাদের কেউ চেনে না।” সরকারি বা বেসরকারি পর্যায়ে পানির ট্যাংক বা সুপেয় পানির ব্যবস্থা বিতরণ করা হলেও, দুর্গম এলাকার অতিদরিদ্র মানুষগুলো অনেক সময় তা থেকে বঞ্চিত থাকে। রাজনৈতিক প্রভাব বা সামাজিক প্রতিপত্তির অভাবে এই গৃহবধূর মতো অনেকেই তালিকার বাইরে থেকে যান।
গত ৩ বছর ধরে তিনি এভাবে চলছেন, অথচ কোনো মানবিক হাত তাঁর দিকে প্রসারিত হয়নি। তাঁর এই দীর্ঘশ্বাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, দুর্যোগ কেবল প্রাকৃতিক নয়, দুর্যোগ সামাজিকও। বিত্তবান বা প্রভাবশালীরা যখন পানির আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করে, তখন পাশের বাড়িতেই একজন নারী পলিথিন ব্যাগে পানি জমিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন—এটি চরম মানবিক বিপর্যয়ের উদাহরণ।
পলিথিন ব্যাগে পানি সংরক্ষণ করা চরম স্বাস্থ্যহানিকর। দীর্ঘ সময় পলিথিনে পানি থাকলে রাসায়নিক বিসফেনল-এ (বিপিএ) এবং মাইক্রোপ্লাস্টিক পানিতে মিশে যায়, যা ক্যানসার ও লিভারের রোগের ঝুঁকি বাড়ায়।পলিথিন ব্যাগে বায়ুরোধক ব্যবস্থা না থাকায় খুব দ্রুত পানিতে ব্যাকটেরিয়া ও শৈবাল জন্মায়। এই পানি পান করলে ডায়রিয়া, জন্ডিস ও চর্মরোগ হওয়ার সম্ভাবনা প্রবল।
যখন তাকে এই স্বাস্থ্যঝুঁকির কথা জানানো হয়, তাঁর উত্তর ছিল অত্যন্ত বেদনাদায়ক: “আমি জানি এটা ঠিক না, কিন্তু আমার আর উপায় কী? জীবন বাঁচলে তো নিয়ম মানব।” অর্থাৎ, তাঁর কাছে স্বাস্থ্যসম্মত জীবনের চেয়ে কোনোমতে ‘বেঁচে থাকা’টাই এখন বড় চ্যালেঞ্জ।
এ রকম হাজার গৃহবধু কিশোরী আছে যাদের মনের কথা, গল্পটা আর বলা হয়ে ওঠে না । বৃষ্টি যে তাদের কাছে চাতক পাখির মতো প্রযুক্তির আধুনিক সংস্করন। এই অধ্যায়গুলো শত শত পাতায় শেষ করা সম্ভব হবেনা! যদি আমরা এখন থেকে সঠিক পদক্ষেপ গ্রহন না করি। কিন্তু একটা কথা না বললে নয় সরকারী বা বেসরকারী যে কোন স্থান থেকে হোক সহযোগিতার ফাঁক দিয়ে শুধু সমাজের পিছিয়ে পড়া পরিবার বা মানুষটা হেরে যায়!
এদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার আর আমাদের সকলের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।মরার উপর খাড়ার ঘা । সাতক্ষীরার উপকূলে বর্তমান বইছে শীতের মারাত্মক তীব্র, তার মধ্য দেখা দিয়েছে খাবার পানির ব্যাপক সংকট। খোঁজখবর নিয়ে জানা যায় এত শীতের মধ্যেও এক কলস খাবার পানির জন্য নারী ও শিশুরা ছুটে বেড়াচ্ছে মাইলকে মাইল। পুকুরে যে সমস্ত বিএসএফ ছিল সেগুলো অধিকাংশই নষ্ট। এছাড়া সরকারিভাবে যে সমস্ত প্লাস্টক ড্রাম বিতরণ করা হয়েছিল দীর্ঘদিন বর্ষা না হওয়ায় সেগুলোও খালি হয়ে গেছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় রয়েছে ব্যক্তি মালিকানাধীন পাঁচটি পানির প্লান সেখান থেকে ৩০ পয়সা লিটারে প্রতিদিন পানি কিনতে হয় কিন্তু সাপ্লাই এর অধিক চাহিদা থাকায় সেখান থেকেও খাবার পানি সংগ্রহ করা যাচ্ছে না। সে কারণে উপজেলায় মারাত্মক খাবার পানির সংকট দেখা দিয়েছে। উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকাল শুরুর আগেই সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। দিন দিন এই সংকট প্রকট আকার ধারণ করছে। উপকূলীয় নারীদের দীর্ঘ পথ হেঁটে গিয়ে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে। শুষ্ক মৌসুমে বৃষ্টিহীনতার কারণে ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নেমে যাওয়ায় উপকূলীয় এলাকার বেশিরভাগ অগভীর ও গভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে খুবই কম। একই সঙ্গে প্রাকৃতিক পানির আধারগুলোর অধিকাংশ শুকিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। ফলে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য রীতিমতো হাহাকার চলছে।
স্থানীয়রা জানান, সুপেয় পানির সংকট রয়েছে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের কম-বেশি প্রয় সব গ্রামেই। এক কলসি পানি সংগ্রহের জন্য নারীদের লম্বা পথ হাঁটতে হয়। ঘরের বিভিন্ন কাজ শেষ করে তারা ছোটেন পানি সংগ্রহের জন্য। উপকূলের অসংখ্য মানুষ সুপেয় পানির জন্য যেন যুদ্ধ করে যাচ্ছেন। কোনো পরিবার পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) থেকে আবার কোনো পরিবার বৃষ্টির পানি সংগ্রহ করছে নিজস্ব রেইন ওয়াটার হার্ভেস্টিং প্লান্ট থেকে। যারা এসব উৎস থেকে পানি সংগ্রহ করতে পারছেন না তাদের কম লবণযুক্ত পানি বা মানসম্মত না এমন পিএসএফ থেকে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে।
উপকূলের শ্যামনগরে জনস্বাস্থ্য অধিদপ্তর জানান বৃষ্টির পানি সংগ্রহের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম প্লান্ট বা পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে সরকারিভাবে। কিন্তু সাড়ে ৩ হাজার লিটারের এসব পানির ট্যাংকের পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর পন্ড স্যান্ড ফিল্টার বা পুকুর ফিল্টার মূলত পুকুরের পানির ওপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে অনেক পুকুরেই পানি থাকে না। এ জন্য পিএসএফ অনেক সময়েই বন্ধ থাকে।
তারা শ্যামনগরে চার লাখের বেশি মানুষের বসবাস। এখানে সুপেয় পানির সংকট সমাধানে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ১২টি ইউপিতে সরকারিভাবে স্থাপনকৃত পিএসএফের সংখ্যা ২৫০ ও বেসরকারিভাবে ৫০০টির মতো। সরকারিভাবে স্থাপনকৃত গভীর নলকূপ আছে সাড়ে ৪ হাজার ও বেসরকারিভাবে আছে ২ হাজার। অগভীর নলকূপের সংখ্যা ৫০টির মতো। রেইন ওয়াটার হার্ভেস্টিং প্লান্ট পরিবার পিছু সরকারিভাবে রয়েছে ৭ হাজার এবং বেসরকারিভাবে রয়েছে আড়াই হাজারের মতো। কমিউনিটি নলকূপ সরকারিভাবে স্থাপন করা হয়েছে ২০টি ও বেসরকারিভাবে ২৫টি। রিভার্স অসমোসিস প্লান্ট সরকারিভাবে রয়েছে ৫টি ও বেসরকারিভাবে ১০০টির মতো।
শ্যামনগরের হাটছোলা গ্রামের গৃহবধূ অর্পণা রানী ও কুলসুম বেগম বলেন, সকালে ঘরের সব কাজ শেষ করে বিকালে সুপেয় পানি সংগ্রহের জন্য ফ্রি করে রাখতে হয়। এরপর পানি সংগ্রহের জন্য দীর্ঘ পথ হেঁটে পিএসএফে যেতে হয়। সেখানে আবার দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ভেটখালী গ্রামের বাসিন্দা রানী গাইন বলেন, সুপেয় পানি সংগ্রহের জন্য বাড়ি থেকে লম্বা পথ হেঁটে এসে আমাদের পানি সংগ্রহ করতে হচ্ছে। পানখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মনজিলা বেগম ও আসমা বেগম বলেন, সরকারিভাবে তৈরি আশ্রয়ণ প্রকল্পে বাস করি। এখানে সুপেয় পানির সমস্যা রয়েছে।
শ্যামনগর উপজেলা সদরের বাসিন্দা গৃহিণী শর্মিষ্ঠা রানী বলেন, বছরের প্রায় ১২ মাসই সুপেয় পানি ও রান্নার পানি কিনে খেতে হয়। মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের বাসিন্দা রঞ্জন পরামান্য, ধানখালী গ্রামের বাসিন্দা খোকন বৈদ্য ও আটুলিয়ার বাসিন্দা বিশাখা রানী বলেন, সুপেয় পানির সংকট শুষ্ক মৌসুমে প্রকট আকার ধারণ করে। ফলে পানির ড্রাম কিনতে হয়। এক ড্রাম পানির মূল্য ৩০ থেকে ৪০ টাকা। ড্রামে পানি থাকে ৩০ থেকে ৪০ লিটারের মতো।
দ্বীপ ইউনিয়ন গাবুরার নজরুল গাজী ও রমজাননগরের ফজলু বলেন, শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের কারণে জলাবদ্ধতা তৈরি হয়। এর প্রভাবে সুপেয় পানির উৎস অনেকাংশে নষ্ট হয়। এ ছাড়া উপজেলায় লবণাক্ততার প্রকোপও বেশি। উপজেলায় শুষ্ক মৌসুমে শুধু খাওয়ার পানির নয়, ব্যবহারের পানিরও সংকট দেখা দেয়। বিভিন্ন ইউনিয়নে চারদিকে শুধু পানি আর পানি থাকলেও সেগুলো লবণ পানি, ব্যবহারযোগ্য পানি নয়। লবণ পানির চিংড়ি ঘেরের কারণে পার্শ্ববতী মিঠা পানির পুকুর বা জলাশয়ের পানিও লবণাক্ত হয়ে যায়। এর ফলে সেই পানিও পানযোগ্য বা ব্যবহারযোগ্য থাকে না। এ ছাড়া গ্রীষ্মের শুরুতেই বৃষ্টিহীনতার কারণে ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নেমে যাওয়ায় উপকূলীয় এলাকার বেশিরভাগ গভীর ও অগভীর নলকূপে পানি কম ওঠে। সুপেয় পানির সংকট নিরসনে শেষ ভরসা পুকুরের পানি। কিন্তু সেই পানিও নিরাপদ নয়। সুপেয় পানির অভাবে অনেক পরিবারের সদস্যই চর্মরোগ, আমাশয়, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
শ্যামনগর উপজেলার নারী সংগঠন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি জানান, তিনি নিজেও সুপেয় পানি কিনে থাকেন। গরমের সময়ে গোসলের পানিও কিনতে হয়। উপজেলার অনেক এলাকায় নারীরা কোলের শিশু নিয়েও পানি সংগ্রহ করেন পিএসএফ থেকে।
বেসরকারি একটি সংগঠন পানি সংকট সমাধানে তাদের উপকারভোগীদের এটিএম কার্ড করে দিয়েছে। এর মাধ্যমে এক কলসি করে পানি সংগ্রহ করতে পারেন তাদের ভ্রাম্যমাণ পানি বিতরণের ট্যাংক গাড়ি থেকে। কিন্তু এটি হাতেগোনা মাত্র কয়েকটি গ্রামে প্রতিদিন পানি সরবরাহ করে।উপকূলে মানুষের দৈনিক খাবার জন্য যে পরিমাণ পানি প্রয়োজন তা নেই। খাওয়ার পানির চাহিদা মেটাতে প্রয়োজন বৃহৎ আকারে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাপনা। কিন্তু সেটাও নেই উপকূল অঞ্চলে। তাই খাওয়ার পানির অভাবে দিন কাটাচ্ছে উপকূলের কোটি মানুষ। মিঠা পানির অভাবে গৃহপালিত পশু লালন-পালনও ছেড়ে দিচ্ছেন উপকূলবাসী। বৃষ্টির পানি সংরক্ষণে সরকারি পর্যায়ে বৃহৎ ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গিয়ে দেখা যায় বিভিন্ন ইউনিয়নে খাওয়ার পানির তীব্র সংকট। এই এলাকায় এক সময় চিংড়ি চাষের জন্য লবণাক্ত পানি আনা হয় সমুদ্র থেকে। সেই পানিই এখন এলাকার মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন আর খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। কিছু পুকুর আছে যেখানে মিঠা পানি রয়েছে। সেখান থেকে মানুষ গিয়ে পানি কিনে আনে, তাও চড়া মূল্যে।
শ্যামনগর উপজেলায় ইউনিয়ন আছে ১২টি। এই ইউনিয়নগুলোতে সরকারি হিসেব মতে ৩ লাখ ১৮ হাজার ২৫৪ জন বসবাস করেন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২৭৫টি। শিক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ৫৭০ জন। প্রাইমারি স্কুল রয়েছে ১৮৯টি ও মাধ্যমিক স্কুল রয়েছে ৪৩টি। মাদ্রাসা আছে ৩৬ ও কলেজ ৭টি।
পানির সংকট নিরসনে নিজস্ব ব্যবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ করছেন স্থানীয়রা। এর সঙ্গে বিভিন্ন সাহায্য সংস্থাও সহযোগিতা করছেন স্থানীয়দের। এর পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানে সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করেছে বিভিন্ন এনজিও। তাদের সহযোগিতায় বৃষ্টির পানি সংগ্রহ ব্যক্তি পর্যায়ে ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃদ্ধি পেলেও সরকারি পর্যায়ে তেমন হয়নি।
সাম্প্রতিক সময়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ত্রিপানি বিদ্যাপীঠে যায়যায়দিনের পক্ষ থেকে সরেজমিন গিয়ে দেখা যায় স্কুলটিতে ১০ হাজার লিটারের দুটি ট্যাঙ্ক বসানো হয়েছে। এই ট্যাঙ্কগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়। কিন্তু এই পানি সংরক্ষণ করার পর বিভিন্ন প্রক্রিয়ায় খাওয়ার উপযোগী করা হয়। এমন ৪২টি স্কুলে সাহায্য সংস্থা বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা করে দিয়েছে।
স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত মন্ডল বলেন, ‘একটা সময় আমাদের পানি বাসা থেকে নিয়ে আসতে হতো। কারণ আমাদের এই চারপাশে কোনো সুপেয় পানি নেই। এমনকি আমাদের স্কুলের আশপাশে ওয়াশরুমে যাওয়ার পর লবণ পানি ব্যবহার করতে হতো। কিন্তু এই পানির ব্যবস্থা হওয়ার পর আমাদের আর সমস্যা হয় না। স্কুল খোলা থাকাকালীন আমরা এই পানি ব্যবহার করি।’
এ সময় কথা হয় অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী মোহুয়া আক্তার, ইসরাত জাহান ও নওমি লিয়ার সঙ্গে। এই তিন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, এতদূর থেকে খাবার পানি ও বিভিন্ন ব্যবহারের পানি নিয়ে আসাটা অনেক কষ্টসাধ্য ছিল। বয়সন্ধিকালে বেশিরভাগ ছাত্রীরাই স্কুলে আসা বন্ধ করে দিতেন। কিন্তু বৃষ্টির পানির এই ব্যবস্থা হওয়ার পর সমস্যার সমাধান হয়েছে। এখন আর শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করেন না।
ত্রিপানি বিদ্যাপীঠের প্রধনা শিক্ষক আবুল কালাম মলিস্নক যায়যায়দিনকে বলেন, এই এলাকার প্রধান সমস্যা সুপেয় পানি ও ব্যবহার্য পানি। পানি সমস্যায় দীর্ঘদিন ধরে ভূগছে উপকূলের মানুষ। স্কুল-কলেজ তথা এই এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত পানির জন্য। শিক্ষার্থী আসাও কমে যাচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিভিন্ন সাহায্য সংস্থা ও সরকারের ছোট ছোট উদ্যোগে এই সমস্যা কাটিয়ে উঠছে।
তিনি বলেন, ‘ওয়াটার এইড আমাদের সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। এখানে একটি ভালোমানের টয়লেট তৈরি করে দিয়েছে তারা। আর খাবার পানির জন্য একটি আলাদা স্থান তৈরি করে দিয়েছে। এখন আর বাচ্চাদের কোনো সমস্যা হয় না। এখন স্কুল বন্ধ তাই আমাদের ধরে রাখা পানি ব্যবহার হচ্ছে কম। স্কুল খুলে গেলে যে পানি আমরা ধরে রাখব তাতে প্রতিষ্ঠানের সবার হয়ে আরও উদ্বৃত্ত থাকবে।’
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী সাত নম্বর ওয়ার্ডের মেম্বর মোহম্মদ ফজলুল হক বলেন, ‘এলাকায় পানির খুবই অভাব চলছে। এলাকার মানুষের পানির চাহিদা মেটানোর জন্য ওয়াটার এইড বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কিছু মানুষ উপকার পাচ্ছে। কিন্তু আমাদের এখানো সবার জন্য পানির ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা বার বার উপজেলায় বলছি। আকাশের পানি ধরে আমরা খাচ্ছি। পানি ধরে রাখা তারপর সেটাকে খাওয়ার উপযোগী করা খুব কঠিন নয়। কিন্তু সবার জন্য একই স্থানে এমন বড় কাজ করা সম্ভব না। তাই সরকারকেই বড় একটি প্রকল্প নিতে হবে। প্রয়োজনে আমি নিজের জমি সরকারকে দিয়ে দিব। তবুও আমাদের মিঠা পানির সমস্যা মিটুক।’
এদিকে, প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করে ওয়াটার এইড। এই সংস্থাটি শ্যামনগর এলাকায় স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাপনা তৈরি করে দিয়েছে। তাদের মূল উদ্দেশ সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করতে পারে ও পান করতে পারে তা নিশ্চিত করা। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে। সরকারের সঙ্গে মিলে তারা উপকূলীয় অঞ্চলে মানুষের সেবায় বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাপনা তৈরি করে দিচ্ছে।
ওয়াটার এইডের সিনিয়র প্রোগ্রাম অফিসিয়াল ইঞ্জিনিয়ার রেবিন চাকমা যায়যায়দিনকে বলেন, উপকূলবাসীর জীবনমান উন্নয়নে সবার আগে চিন্তা করতে হবে সরকারকেই। আর তাদের সবচেয়ে বড় চাওয়া পানি। ব্যবহার্য ও সুপেয় পানি যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব না। ওয়াটার এইড বাসায় বাসায় বা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সচেতন করছে কিন্তু এত বড় জনগোষ্ঠীকে মিঠা পানির আওতায় আনতে পারবে একমাত্র সরকার।
তিনি আরও বলেন, ‘উপকূলবর্তী জনগোষ্ঠীর জন্য সেন্ট্রাল পানি সরবরাহ ব্যবস্থা করা যেতে পারে। যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা থাকবে। সেখান থেকে পানি সরবরাহ করা হবে। এটি করতে দুটি বিষয় সামনে আসবে, অর্থায়ন ও জমি অধিগ্রহণ। দুটি বিষয় চাইলেই সরকার সমাধান করতে পারে। সরকার যদি চায় তাহলে এটা সম্ভব। কারণ তাদের লোকবল আছে। তবে বড় সমস্যা সদিচ্ছা। যদি সদিচ্ছা না থাকে তাহেল মানুষকে সুপেয় পানি দেওয়া সম্ভব না। উপকূলীয় মানুষকে যদি আমরা পানির আওতায় আনতে চাই তাহলে অবশ্যই সেন্ট্রাল পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ওয়াটার এইড এডভোকেসি করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি ও সফলতা পেয়েছি। ব্যক্তি পর্যায়ে রেইন ওয়াটার হার্ভেস্টিং হচ্ছে। কিন্তু এত বড় জনগোষ্ঠীর জন্য আরও বড় আকারে কাজ করা দরকার। আরও বড় প্রকল্প নেওয়া দরকার। যা সরকার চাইলে যেকোনো সময় হতে পারে।’
রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের বিষয়ে যায়যায়দিনের সঙ্গে কথা বলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুলস্নাহ। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং খুবই জরুরি। এই অঞ্চলগুলোতে গভীর নলকূপ করে খাওয়ার যোগ পানি পাওয়া যায় না। তাই বৃষ্টির পানিই একমাত্র উৎস। তবে এটি করতে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কত মানুষ ঐ এলাকায় বসবাস করে? কতটুকু পানি লাগবে প্রতি বছর? কত প্রতিষ্ঠান আছে? কতটুকু জায়গা লাগবে? কীভাবে পানি সরবরাহ হবে? ইত্যাদি।
তিনি আরও বলেন, এখানে দুটি প্রক্রিয়ায় হতে পারে। একটি ইউনিয়ন ভিত্তিতে রেইন ওয়াটার হার্ভেস্টিং অপরটি সেন্ট্রাল রেইন ওয়াটার হার্ভেস্টিং। প্রথমটি করতে খরচ কম হবে। কিন্তু সমস্যাও আছে। বড় ধরনের ঝড় আসলে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেন্ট্রাল রেইন ওয়াটার হার্ভেস্টিং করতে বড় প্রকল্প নিতে হবে। বিশাল স্থান নিয়ে এটি হবে। এটা বড় দুর্যোগ আসলেও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
খুলনা ওয়াসার এমডি বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ হলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পানি সরবরাহ করা। এত বড় প্রকল্প তাদের দ্বারা সম্ভব কি না তা আগে দেখতে হবে। চাইলো লোকবল বৃদ্ধি করে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। বড় প্রকল্প নিলে খরচ বেশি হবে তবে দীর্ঘদিন মানুষ এই প্রকল্পের সুফল ভোগ করবে।
সাতক্ষীরা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, এই অঞ্চলে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের জন্য কোনো ধরনের সেন্ট্রাল প্রকল্প নেওয়া হয়নি। এখানে মহলস্না বা পাড়ার জন্য সরকারের বিভিন্ন দপ্তর কিছু কিছু কাজ করেছে। এসব কাজ খুবই ছোট। ক্লাস্টার বেইজ এসব কাজ হয়েছে। কিন্তু পানি সংকট কাটাতে হবে অবশ্যই সমন্বিত মেগা প্রকল্প নিতে হবে। যা এখনো কেউ নেয়নি।
তিনি আরও বলেন, কোনো কাজই উপকূলের মানুষের জন্য হচ্ছে না। তাদের নিয়ে কোনো চিন্তাও নেই। সুন্দরবন ধ্বংস হয়ে যাবে এভাবে লবণ পানি বাড়তে থাকলে। উপজেলায় মানুষ বসবাস করা কঠিন হয়ে যাবে একসময়।
Leave a Reply