
সাতক্ষীরা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন ধান ও শীতকালীন সবজির আবাদ। মাঠে কেটে রাখা পাকা ধান এখন পানিতে ভাসছে।
অন্যদিকে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার শীতকালীন সবজির ক্ষেত। পেঁয়াজ, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পালংশাকসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ মৌসুমে সাতক্ষীরায় ৮৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে। অন্যদিকে, চলতি রবি মৌসুমে জেলায় ৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
বুধবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে পানি জমেছে।
জেলার একতৃতীয়াংশ জমিতে আমন ধান কেটে রাখা হয়েছিল, সেসব জমির ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জমিতে পানি জমে থাকায় শীতকালীন সবজির চারা ও গাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, এবার তিনি চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। জমিতে ধানের বাম্পার ফলনও হয়েছিল। কিন্তু হঠাৎ নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি শুরু হওয়ায় কেটে রাখা ধান এখন পানিতে ভাসছে। ধারদেনা করে ধানের আবাদ করেছিলেন তিনি। এখন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কীভাবে দেনার টাকা পরিশোধ করবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
পাটকেল ঘাটা থানার বাগমারা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, তার ধান বৃষ্টির আগে কিছু কেটে বাড়ীতে তুললে পারলেও বিলের অধিকাংশ জমিতে কেটে রাখা ধান এখন পানিতে ভাসছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার কৃষকরা।
একই উপজেলার নগরঘাটা গ্রামের কৃষক কেরামত আলী জানান, দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছিলেন তিনি। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে তাঁর সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পেঁয়াজসহ বিভিন্ন সবজির গাছ পানিতে তলিয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার জানান, বৃষ্টি শুরু হয়েছে মাত্র দুই দিন। তাই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির হিসাব করা যাবে। তিনি বলেন, যেসব কৃষক দেরিতে আমন ধান রোপণ করেছেন, তাঁদের ধান এখনো পুরোপুরি কাটার উপযোগী হয়নি। সেই জমির ধান হেলে পড়েছে। ফলে ধানের গুণাগত মান নষ্ট হয়ে যেতে পারে।
তিনি আরও জানান, সম্প্রতি রোপণ করা সরিষার জমিতে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কৃষকদের জমিতে নালা কেটে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, টানা বৃষ্টিতে মাঠে থাকা ও কেটে রাখা আমন ধান এবং শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দীর্ঘসময় জমিতে পানি জমে থাকলে সবজির চারা ও গাছের গোড়া পচে যেতে পারে। কাটা ধান ভিজে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি অঙ্কুর গজানোর আশঙ্কা থাকে।
তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হলে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করা হবে। পাশাপাশি কৃষকদের দ্রুত জমির পানি নিষ্কাশন এবং ফসল রক্ষায় প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a Reply