রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। ছয় মাস আগে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, গোপালপুর ইউনিয়নের মোঃ নজরুল ইসলামের ছেলে শেখ মোঃ ইমনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। অভিযোগ, ওই সময় তারা বাড়ি ছেড়ে চলে যায়। কয়েক মাস পর আবার এলাকায় ফিরে আসে। সম্প্রতি ইমনের বাড়িতে বিয়ের আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিয়ের অভিযোগের পক্ষে সামনে এসেছে একটি দাওয়াত কার্ড। কার্ডে বর হিসেবে শেখ মোঃ ইমন এবং কনে হিসেবে ফারজানা জান্নাতুল রিমার নাম উল্লেখ রয়েছে। সেখানে বরের বাবা-মায়ের নাম মো. নজরুল ইসলাম ও মোছাঃ শীরিনা বেগম এবং কনের বাবা-মায়ের নাম মোঃ ফিরোজুর রহমান ও মোছাঃ নিলুফা ইয়াসমিন লেখা রয়েছে।

দাওয়াত কার্ডে উল্লেখ করা হয়েছে, ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বরের নিজ বাসভবন গোপালপুরে বিয়ের অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। কার্ডের আমন্ত্রণবার্তায় ইমন ও রিমার বৌ-ভাত অনুষ্ঠানের কথাও উল্লেখ রয়েছে। এ ছাড়া বরের পরিবারের সদস্যদের নামও অভ্যর্থনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইমনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলার একটি ভিডিও পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ভিডিওটি ওই বিয়ের আয়োজনের। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা বিয়ের দাওয়াত পেয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং খাওয়াদাওয়াও করেছেন। তাঁদের দাবি, ইমনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।

তবে দাওয়াত কার্ড, গায়ে হলুদের ভিডিও এবং স্থানীয়দের এমন বক্তব্য সামনে আসার পরও বিয়ের বিষয়টি অস্বীকার করছেন ইমন। তার দাবি, বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি; তাঁর ভাইয়ের মেয়ের চুল কাটার অনুষ্ঠান হয়েছে।

ফারজানা জান্নাতুল রিমা কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ ফিরোজুর রহমানের মেয়ে। সে গোপালপুর শহীদ স্মৃতি আসাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী, তার জন্ম ২০১১ সালের ২ আগস্ট। সে হিসাবে ২০ নভেম্বর ২০২৬ তারিখে তার বয়স ছিল ১৫ বছর ৩ মাস ১৮ দিন। অর্থাৎ বিয়ের কার্ডে উল্লেখিত তারিখে সে অপ্রাপ্তবয়স্ক ছিল। বিয়ের আয়োজন বাস্তবায়িত হয়ে থাকলে তা বাল্যবিবাহের আওতায় পড়বে।

রিমার বাবা ফিরোজুর রহমান বলেন, ‘আমার মেয়েকে দীর্ঘদিন ধরে পাচ্ছি না। কিছুদিন আগে শুনেছি, গোপালপুর ইউনিয়নের ইমন নামের এক ছেলের কাছে আছে। আজ হঠাৎ জানতে পারি, আমার মেয়ে রিমার বিয়ে। আমার মেয়ের বয়স ১৫ বছর। সে অপ্রাপ্তবয়স্ক।

তিনি আরও বলেন,আগে ব্যবসা-বাণিজ্য করতাম। কিন্তু এখন অসুস্থতার কারণে কিছুই করতে পারি না। ছেলের বাড়িতে এই অনুষ্ঠান করেছে। আমার সম্মানের কারণে কোথাও কাউকে বলতে পারিনি, আমার মেয়ে ওই ছেলের সঙ্গে চলে গেছে। স্থানীয় অনেকের কাছে গিয়েও কোনো সুরাহা পাইনি। নেতার কাছেও গিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। আমি নিরুপায়। ছেলেরা শক্তিশালী। তাদের কিছু বলতে গেলে হুমকি-ধমকি দেয়। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঝামেলায় পড়তে হবে। এ কারণে নীরব থাকতে বাধ্য হয়েছি।’

মেয়ের বাবা আরও অভিযোগ করেন, হুমায়ুন   স্থানীয় এক নেতা ওই বিয়ের দায়িত্ব পালন করেছেন। এমনকি বাল্যবিবাহে অংশ নেওয়ার জন্য তাঁকে নিজের বাড়িতে যাওয়ার চাপও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে  ওই নেতা বলেন, তাদের বিয়ের কোনো কার্ড বা কাগজপত্র তাঁর কাছে নেই। প্রায় ছয় মাস আগে তারা বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছে বলে শুনেছেন। পরে আবার এলাকায় ফিরে আসে। সম্প্রতি ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে শুনে প্রথমে বিয়ের অনুষ্ঠান মনে হলেও পরে জানতে পারেন, সেটি ইমনের ভাইয়ের সন্তানের চুল কাটার অনুষ্ঠান।

অভিযোগের বিষয়ে শেখ মো. ইমন বলেন, ‘আজ কোনো বিয়ে হয়নি। আমার ভাইয়ের মেয়ের চুল কাটার অনুষ্ঠান হয়েছে। মেয়ের বাবা যদি বিয়ের কথা বলে থাকেন, তাহলে তাঁকে নিয়ে আসেন। এখানে কোনো বিয়ে হয়নি। গ্রাম পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের লোকজন এসেছিলেন। তাঁরা সবকিছু দেখে গেছেন। আমাদের প্রায় ছয় মাসের সম্পর্ক।’

গোপালপুর শহীদ স্মৃতি আসাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বলেন, মেয়েটি দশম শ্রেণিতে পড়ে। সাধারণত দশম শ্রেণির শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম থাকে। তবে তার সঠিক বয়স বিদ্যালয় কর্তৃপক্ষের জানা নেই। প্রায় ছয় মাস আগে সে বাড়ি থেকে চলে যায়। পরে বিয়ে করে কয়েক মাস পর এলাকায় ফিরে এসেছে বলে শুনেছেন। মেয়েটির দাদা নিয়মিত তাকে স্কুলে আনা-নেওয়া করতেন। বিষয়টি নিয়ে পরিবারও আগে উদ্বিগ্ন ছিল। সম্প্রতি তাদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি বলেন, বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের প্রশাসককে অবহিত করেছেন। দুই পরিবারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সুদেব রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখনো তাঁদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। এ ধরনের বিয়ে আয়োজন, সম্পাদন বা সহায়তার ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT