
এম কে মাসুদ ( রামপাল) : বাগেরহাটের রামপাল উপজেলার পেড়ীখালী ২ নম্বর সিকির ডাঙ্গা ভূমিহীন আশ্রয় কেন্দ্রে তীব্র অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রায় ১০০টি অসহায় পরিবার। অভিযোগ উঠেছে, জাতীয় নির্বাচনের পর একটি চক্র—যার মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর নাম আসছে—আশ্রয় প্রকল্পের দিঘি ও ক্যানেলের মাছ লুটপাট করেছে এবং প্রকল্প দখলের অপচেষ্টা চালাচ্ছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, বিএনপির স্থানীয় নেতা মোতাহের শেখের ইন্ধনেই এসব অপকর্ম ঘটছে। তবে বিএনপি পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নিরাপত্তা ও বিচারের আশায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রামপাল থানায় লিখিত অভিযোগ জমা দিলে উল্টো স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের রোষানল ও নির্যাতনের শিকার হতে হয় বলে ভুক্তভোগীরা জানান। প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারে গিয়েও তাঁর সাক্ষাৎ পাননি তারা।
এমতাবস্থায় জীবিকা ও মাথা গোঁজার ঠাঁই হারানোর আশঙ্কায় এক মানববন্ধনে ভুক্তভোগীরা বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
Leave a Reply