বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :

আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪ পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক : ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিবন্ধন করেছেন মোহাম্মদ আমির। এরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর খেলা নিয়ে শুরু হয় আলোচনা। তবে আইপিএলে নিবন্ধনের খবরকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

সোমবার ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিবন্ধন করেন আমির। তাঁর এই সিদ্ধান্তের পর অনেকেই ধারণা করেন, ব্রিটিশ নাগরিকত্বের সুযোগ নিয়ে আইপিএলেও খেলতে পারেন তিনি। কারণ, পাকিস্তানি নাগরিকদের আইপিএলে খেলার অনুমতি নেই। তবে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আমিরের ক্ষেত্রে সেই সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

গুঞ্জনের জবাবে সামাজিক মাধ্যম এক্সে আমির লিখেছেন, ‘সবাইকে হাই, আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়। বিষয়টি স্পষ্ট করতে চেয়েছি।’

চলতি বছরের শুরুতে দ্য হান্ড্রেডে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলেছেন আমির। বিদেশি খেলোয়াড় হিসেবে ড্রাফটে অবিক্রীত থাকার পর স্থানীয় খেলোয়াড় হিসেবে সুযোগ পান তিনি। স্ত্রী নারজিস খানের মাধ্যমে এ বছর ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন এই বাঁহাতি পেসার।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর স্থানীয় খেলোয়াড় হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম নিয়েও কথা বলেছেন আমির। তিনি বলেন, ‘আমি এখন একজন ব্রিটিশ স্থানীয় খেলোয়াড়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে হলে একটি নথিতে স্বাক্ষর করতে হয়। সেখানে উল্লেখ থাকে, স্থানীয় খেলোয়াড় হিসেবে অন্য কোনো দেশের হয়ে খেলা যাবে না। তাই পাকিস্তানের অধ্যায় এখন আমার জন্য শেষ।’

আমিরের আগে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে অংশ নেন তিনি। পাঞ্জাব কিংসের হয়ে খেলার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়েও কয়েকটি ম্যাচ খেলেছিলেন মাহমুদ।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো বেশ চাহিদা রয়েছে তাঁর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT