যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আট ঘণ্টার ব্যবধানে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হন। এ ঘটনার আট ঘণ্টা পর বুধবার (৪ নভেম্বর) সকালে পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস (৫০) এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)।
স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুলাহ আল আপন (২১) নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় হোসেন আলী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। রাত ১২টার দিকে প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় অভয়নগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply