
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খোসবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ফরিদপুর থেকে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় পৌঁছালে সাবেক এই ছাত্র ও যুবনেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় তাকে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও অভূতপূর্ব আনন্দের সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, খোসবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আদেশটির অনুলিপি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর আজ দুপুরে খোকন আলফাডাঙ্গায় এলে বাজার চৌরাস্তায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply