
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় প্রশাসনিক শূন্যতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকার পর এবার বদলি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। তাঁকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তালা উপজেলায় নতুন কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানও নানা বিতর্কের পর অন্যত্র বদলি হওয়ার চেষ্টা করছেন বলে আলোচনা রয়েছে। ফলে উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের পদগুলোতে একসঙ্গে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) অন্যতম। ভূমি ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের প্রশাসনিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। এর মধ্যে ইউএনওর বদলির ফলে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানকে ঘিরেও সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর অন্যত্র বদলির চেষ্টা নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সব মিলিয়ে তালা উপজেলার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে সম্ভাব্য পরিবর্তন স্থানীয় জনসাধারণের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সচেতন মহলের মতে, একটি উপজেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দীর্ঘদিন শূন্য রাখা জনসেবার জন্য ইতিবাচক নয়। তাই দ্রুত নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়োগের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কার্যক্রমেও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।
Leave a Reply