
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরের রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় সোমবার রাতে কলাবোঝাই পিকআ্যাপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের বাগেরহাট সি ফুডের কাছে কলাবোঝাই পিকআপে মোটরসাইকেলে আসা ৪/৫জন যুবক গতিরোধ করে। পরে তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। পিকআপ চালক জানান, মোটরসাইকেলে করে আসা ৪/৫জন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর গাড়ির কাছে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্লোগান দেয়। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তাঁর চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। ওই চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়। অপরদিকে, বাগেরহাট খানজাহান আলী কলেজ গেটেও তালা ঝুলিয়ে দেয়া হয়েছে বলে কলেজ কর্তপক্ষ জানান। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
Leave a Reply