মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সীমান্তে ৭১ দিনে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৮ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধি : সীমান্তপথে মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে বড় ধরনের সাফল্যের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৭১ দিনে নিলডুমুর  সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বাহিনীটি। এসব অভিযানে ১৫২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন নিলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ, পিএসসি।
 এ সময় আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ এবং উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুর রহমান খান উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের আওতায় রয়েছে প্রায় ৬০০ কিলোমিটার এলাকা।
 এ অঞ্চলে দুটি সেক্টরের অধীন সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রতিদিন দিন-রাত মিলিয়ে পরিচালিত হচ্ছে ৪৫২টি টহল।
প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে মাদকবিরোধী অভিযানে ৫১ কোটি ৯৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২৪০ গ্রাম গাঁজা।
অন্যদিকে, চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ কোটি ৩৮ লাখ টাকার বিভিন্ন ধরনের পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য ৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। মাদক ও চোরাচালানবিরোধী এসব অভিযানে মোট ১৫২ জনকে আটক করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, পুশইন, মানবপাচারসহ বিভিন্ন ধরনের আন্তসীমান্ত অপরাধ ঠেকাতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে তারা। অপরাধী চক্রের গতিবিধি শনাক্ত এবং অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সীমান্ত এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT