
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাবা-ছেলের উপর হামলা করে বাবাকে খুন ও ছেলে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ৬টার দিকে এ হামলা ও খুনের ঘটনা ঘটে।
খুন হওয়া হাসানুর শেখ (৫২) লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় নিহত হাসানুর শেখ এর ছেলে হাসিবুল শেখ (২০) মারাত্মক আহত হয়েছেন।
পুলিশ ও হাসানুরের পরিবার সূত্রে জানা গেছে , হাসানুর শেখ ও তার পরিবারের লোকজন গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন। বুধবার (৪ নভেম্বর) ভোর সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারায় পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে প্রতিবেশী ও বংশীয় মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। মামুনদের দাবি হাসানুর সুপারির চারা রোপণ করেছেন মামুনদের জমি ঘেঁষে। হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে ভেলা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। হাসানুর শেখ গুরুতর জখম অবস্থায় মৃত্যুর কোলে ঢলে এবং তার ছেলে হাসিবুল মারাত্মক আহত হন। সশস্ত্র হামলাকারীরা হাসানুর এর মৃত্যু নিশ্চিত করে সটকে পড়েন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন , ময়নাতদন্তের জন্য হাসানুর শেখ এর লাশ নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Leave a Reply