এম, কে মাসুদ, রামপাল : বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় মুরব্বি হাজী সামছুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন আরা। এ ছাড়াও উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোল্লা তরিকুল ইসলাম শোভন বলেন, “একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমার কার্যক্রম অতীতেও অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে।” সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ততায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলেও এ সময় তিনি অভিযোগ করেন।
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, “অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার মৃত্যুও যদি হয়, তবুও আপনারা প্রত্যেকে একেকজন ‘শোভন’ হয়ে এই লড়াই অব্যাহত রাখবেন।”
এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকের শেষ পর্যায়ে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার সার্বিক উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply