মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

২১ বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন। এ নিয়ে ২১ বারের মতো তারিখ পেছানো হলো।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য ২১ বার সময় পেল।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের এএসআই মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৫ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই দিন আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের বর্তমান আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। নারাজি দিয়ে অধিকতর তদন্তের দাবি করেন বাদী।

নারাজি আবেদনে মামলার বাদী দাবি করেন হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়নি। এমনকি মূল রহস্যও উদ্‌ঘাটিত হয়নি।

এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ৬ জন পলাতক রয়েছেন। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রুবেল নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হাদিকে হত্যার অস্ত্র সরবরাহের জন্য চট্টগ্রামের অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকেও গ্রেপ্তার করা হয়েছে। হেলালও আদালতে জবানবন্দি দিয়ে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছেন। এই মামলায় মোট ১৩ জন কারাগারে আছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় আল জাবের বাদী হয়ে মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT