
যশোর অফিস : যশোরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় সাদ্দাম হোসেন (৩৩) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সাদ্দাম হোসেন অভিযুক্ত ওমর ফারুকের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাউড়িয়া বাজারে মফিজুর স্টোরের সামনে সাদ্দামকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ফারুক। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির টুআইসি নিয়ামুল জানান, তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উভয় পক্ষকে ডাকা হয়েছিল। তাঁরা স্থানীয়ভাবে মীমাংসার কথা জানিয়েছেন। মীমাংসা না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply