
আন্তর্জাতিক ডেস্ক : দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)| শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়|
এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান|
সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে| সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার| এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে|
সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার আশ্বাস দিয়েছে ভবিষ্যতে সিজেপির নেতাকর্মী ও সংগঠকদের বিরুদ্ধেও কোনো অ্যাকশন নেয়া হবে না| এই সমঝোতার আওতায় আমরা সরকারের সঙ্গে একটি খসড়া শেয়ার করেছি, যেখানে লিখিতভাবে এসবের নিশ্চয়তা দেয়া হয়েছে| আমরা আশা করি, সরকারের পক্ষ থেকে লিখিতভাবে যে গ্যারান্টি দেয়া হয়েছে, তা নিশ্চিত করা হবে|
ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই মুখপাত্র বলেন, সরকার জানিয়েছে আগামী মঙ্গলবার এ বিষয়ে লিখিতভাবে জানাবে| সেই সঙ্গে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতেও সরকার সম্মত হয়েছে|
সংবাদ সম্মেলনে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি| শিক্ষা ও পরীক্ষা সংস্কার নিয়ে ৪ সপ্তাহের মধ্যে চতুর্থ দফায় আলোচনা অনুষ্ঠিত হবে|
Leave a Reply