
নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও গ্যাং লিডার আশিক গ্রুপের শুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি দুইনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী টহলের অংশ হিসেবে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল শিপইয়ার্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জনিকে ঘেরাও করে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জনির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জনির বিরুদ্ধে কেএমপি’র সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারসহ নগরীর সার্বিক অপরাধ দমনে এসআরবি-৬-এর এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply