
যশোর অফিস : ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক এবং ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার শেখ জামিল আহমেদ ও সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন।
রায়ে জিয়াউল হক ও এনামুল হককে বিভিন্ন ধারায় সর্বোচ্চ তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে বিভিন্ন ধারায় সর্বোচ্চ ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানাও করা হয়েছে।
আদালত আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। রায়ে উল্লেখ করা হয়েছে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে এ অর্থ আদায়যোগ্য হবে।
মামলার অভিযোগে জানা যায়, ১৯৯১ সালে এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় বিনিয়োগ সুবিধার আবেদন করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা নেওয়া হয়। ব্যাংকের গুদামে টায়ার-টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে প্রায় ৯৬ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করা হলেও পণ্য সরবরাহের নামে অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়। সুদ, কমিশনসহ ১৯৯৫ সালের এপ্রিল পর্যন্ত আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।
এ ঘটনায় ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়। পরে দুদকের তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত চারজনই বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তাঁদের সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন।
Leave a Reply