শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল

  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সশস্ত্র হামলার ঘটনার পর থেকে একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। তিন হাজারের বেশি হাই-প্রোফাইল অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার যুবক কোল টমাস অ্যালেনের এই অতর্কিত হামলা পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের সেই জমকালো আয়োজন যখন মাঝামাঝি পর্যায়ে, ঠিক তখনই বলরুমের বাইরে প্রথম গুলির শব্দ শোনা যায়। বলরুমের ভেতরে উপস্থিত থাকা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো সেই মুহূর্তের বর্ণনায় বলেন, ‘গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের গুঞ্জন ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। প্রত্যেকে তখন নিজের জীবন বাঁচাতে টেবিলের নিচে বা মেঝের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন।’
জেনিন পিরো আরও যোগ করেন, ‘যখন পরিস্থিতি সামান্য থিতু হলো এবং আমি মাথা তুলে তাকালাম, দেখলাম দেয়ালের মতো করে আমাদের ঘিরে রেখেছেন শত শত নিরাপত্তাকর্মী। এফবিআই, সিক্রেট সার্ভিস এবং মেট্রোপলিটন পুলিশের দ্রুত তৎপরতা না থাকলে আজ কয়েক শ মানুষের প্রাণহানি ঘটতে পারত।’
মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ক্যারল এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, হামলাকারী কোল টমাস অ্যালেন (৩১) ওই হোটেলেরই একজন নিবন্ধিত অতিথি ছিলেন। তথ্যটি গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। কারণ, হোটেলের অতিথি হওয়ায় তিনি স্বাভাবিক নিরাপত্তা স্ক্রিনিংয়ের আওতার বাইরে বা এর ভেতরেই অবস্থান করার সুযোগ পেয়েছিলেন।
পুলিশ ইতিমধ্যে হিলটন হোটেলের ওই নির্দিষ্ট কক্ষটি সিলগালা করে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কোনো ডিজিটাল এভিডেন্স, নথিপত্র বা আরও অস্ত্র মজুত ছিল কি না তা খতিয়ে দেখছেন। পিরো জানিয়েছেন, একটি নির্দিষ্ট কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল কি না, সেটিই এখন তদন্তের মূল বিষয়।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এবং পুলিশ প্রধান জেফরি ক্যারল যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী কোল টমাস অ্যালেন একাই এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত তাঁর সঙ্গে আর কোনো গোষ্ঠী বা ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন তিনি ঠিক কাকে টার্গেট করেছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ক্যাবিনেট সদস্যরা বলরুমের ভেতরে থাকায় এই হামলার গুরুত্ব ও ঝুঁকির মাত্রা ছিল বহুগুণ বেশি।
সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কারান তাঁর এজেন্টদের অসাধারণ পেশাদারির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের মাল্টি-লেয়ারড প্রোটেকশন সিস্টেম বা বহুমাত্রিক নিরাপত্তা স্তর যে কতটা নিখুঁতভাবে কাজ করে, আজকের ঘটনা তার প্রমাণ। হামলাকারী সিকিউরিটি চেকপয়েন্টে চার্জ করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এজেন্টরা তাকে নিষ্ক্রিয় করে ফেলেন।’
তবে এই অভিযানে একজন এজেন্ট তাঁর প্রোটেক্টিভ গিয়ার বা বুলেটপ্রুফ জ্যাকেটের ওপর গুলিবিদ্ধ হয়েছেন। ডিরেক্টর কারান বলেন, ‘তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। আমরা তাঁর এবং তাঁর পরিবারের জন্য দেশবাসীর কাছে প্রার্থনা চাই।’
ক্যালিফোর্নিয়া থেকে আসা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে কড়া পাহারায় ফেডারেল কাস্টডিতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘ভায়োলেন্ট ক্রাইম’ বা সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল অফিসারকে হত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হচ্ছে। শিগগিরই তাঁকে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে উপস্থিত করা হবে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই হামলা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় ‘ওয়েক-আপ কল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT