
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙ্গে টেলিভিশন,চেয়ারসহ প্রায় ৫০ হাজার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউনিয়নের পাগলা বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত বৃস্পতিবার মাগরিবের নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বিভিন্ন মালামাল না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা। নেতাকর্মীদের অভিযোগ,কার্যালয় থেকে ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ,একটি আকাশ ডিশ সংযোগ ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরি হয়েছে। এই সব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরির ঘটনা সাধারন কোনো বিষয় নয়। তবে এই ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি আরও বলেন, চুরির ঘটনা মুঠোফোনে উপজেলা বিএনপির সভাপতিকে জানানো হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো.ছিদ্দিক আহম্মেদ মোল্লা বলেন, ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। চুরির ঘটনায় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ঐ কক্ষটি কার্যালয় হিসেবে তৈরি করা হয়ে ছিল। জমি নিয়ে বিরোধ থাকায় নির্বাচনের পর থেকে কক্ষটি বন্ধ ছিল। কবে কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তিনি আরও বলেন,চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply