
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় শালিখা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলাগাছি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের জন্য খেশরা ক্যাম্পের পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু জানান, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যান। মরদেহের অবস্থা দেখে তাঁর ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হতে পারে। তবে শরীরে পচন ধরায় তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মণ্ডল জানান, মরদেহটির পরনে ছিল জিনসের প্যান্ট ও ইংরেজিতে ‘টাইটানস’ লেখা একটি ফুলহাতা গেঞ্জি। মরদেহ ফুলে যাওয়ায় মুখমণ্ডল দেখে পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ওসি আরো বলেন, শনিবার মরা দেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply