মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

অধিক লবণাক্ততায় উপকূলে বাড়ছে অসংক্রামক রোগ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : শহিদুল গাজীর বয়স ৫০ বছর। বসবাস করতেন সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলার কালাবগি এলাকার ঝুলন্তপাড়ায়। বনের ওপর নির্ভর করেই ছিল তার জীবিকা। চার বছর আগে একদিন রাতে বন থেকে বাসায় ফিরে বিছানায় পড়ে আর উঠতে পারেননি। এখন তার শরীরের ডান পাশের অংশ (মাথা থেকে পা পর্যন্ত) অবশ হয়ে আছে। কোনো চিকিৎসাতেই তিনি সেরে উঠতে পারেননি।
তার ছেলে জাহাঙ্গীর গাজী বলেন, ‘বাবাকে আমরা অনেক চিকিৎসক দেখিয়েছি। তারা বলেছেন, উচ্চ রক্তচাপের কারণে বাবা স্ট্রোক করেছেন।’
একই এলাকার ২৬ বছর বয়সী এক নারীর বিয়ে হয়েছে ৮ বছর আগে। এ পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। ওই নারী বলেন, ‘এ পর্যন্ত আমার ৩ বার অকাল গর্ভপাত হয়েছে। পেটে বাচ্চার বয়স ৪ থেকে ৫ মাস হলেই সমস্যা দেখা দেয়। পরে সেই বাচ্চা আর বাঁচে না।’
ওই নারী বলেন, ‘শুধু আমারই যে এমনটি হচ্ছে তা নয়। আমার পরিচিত অনেকেরই এ ধরনের সমস্যা হচ্ছে। আগে আমি গর্ভাবস্থা শুরুর দিকে নদী থেকে নেট জাল টেনে রেণু আহরণ করেছি। নিয়মিত লবণপানি ব্যবহার করেছি। তবে এখন আমি বাড়তি সতর্কতা নিয়েছি। ভবিষ্যতে হয়তো আমার গর্ভপাত হবে না।’
সুন্দরবনসংলগ্ন ওই গ্রামটি শিবসা ও সুতারখালী নদীর মোহনায় অবস্থিত। নদী ও সুন্দরবনের লবণপানির সঙ্গেই তাদের জীবনযাপন।
এলাকাটি ঘুরে দেখা গেছে, ১৪ বছরের কমবয়সী শিশুদের শরীর থাকে জরাজীর্ণ। মাথার চুল আঠালো, চোখ চালছে ও শরীরের ত্বক রুক্ষ ও শুষ্ক।
সালাহউদ্দীন নামের এক ব্যক্তি বলেন, ‘ছোট ছেলে-মেয়েরা প্রায় সময় পানিতে কাটায়। নদী থেকে বাগদা ও গলদার রেণু আহরণ করার জন্য নেট জাল টানতে তারা প্রতিদিনই ৬ থেকে ৮ ঘণ্টা পানিতে থাকে। লবণপানিতে বেশি সময় থাকায় তাদের চেহারা পাল্টে যায়। তাদের মাথার চুল আঠালো, শুষ্ক ত্বক ও জীর্ণশীর্ণ দেহের মূল কারণ হলো লবণপানিতে বেশি সময় থাকা।’
শিরিনা নামের আরেক নারী বলেন, ‘১৩ থেকে ১৪ বছর বয়স হলেই আমরা মেয়েদের নেট জাল টানতে নদীতে নামতে দেই না। কারণ এই বয়সে লবণপানিতে বেশি সময় কাটালে তাদের যৌন সম্পৃক্ত রোগ বেড়ে যায়। অনিয়মিত মাসিক ও শরীরের চামড়া গাঢ় কালছে হতে থাকে। তাই ১৩ থেকে ১৪ বছর বয়সেই বাবা মায়েরা মেয়ে শিশুকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ওই বয়সেই উপকূলের মেয়েদের বেশি বিয়ে দেয়া হয়। অল্প বয়সেই মেয়েদের অনিয়মিত মাসিক ও যৌনাঙ্গে জ্বালাপোড়ার কারণে তাদের দ্রুত বিয়ে দিতে হয়।’
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনাঞ্চলের উপকূলে অকাল গর্ভপাত, পেটের নানা জাতীয় রোগ, ত্বকের রোগ ও উচ্চ রক্তচাপের রোগীর পরিমাণ অনেক বেশি। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘উপকূলের মানুষের রোগের ধরন ও অন্য এলাকার রোগের ধরন আলাদা। সেখানে ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়া, চোখের উপরিভাগের রোগ, আলসার, চর্মরোগ, দাঁত, চুল, নখসহ এ জাতীয় রোগ বেশি হয়। এ ছাড়া অন্যান্য এলাকার তুলনায় অকাল গর্ভপাত ও উচ্চ রক্তচাপের রোগীর পরিমাণও অনেক বেশি। এতে কারও কারও হার্ট, কিডনি ও ব্রেইনে জটিল রোগ বাসা বাঁধছে।’
তিনি বলেন, ‘উপকূলের মানুষ বেশিমাত্রায় লবণাক্ত পানি পান করেন। নিত্যপ্রয়োজনীয় কাজেই লবণপানি ব্যবহার করেন। আর সুন্দরবনের জেলেরা তো লবণপানির সঙ্গেই বসবাস করেন। খাবার পানির মাধ্যমে অতিরিক্ত লবণ খাওয়ার জন্য তাদের এসব অসংক্রামক রোগ বেশি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা লবণকে বলি হোয়াইট (সাদা) কিলার। এটিতে সোডিয়াম ও ক্লোরাইডের রাসায়নিক মিশ্রণ থাকে, যা শরীরে প্রবেশ করার পর রক্তের চাপ বৃদ্ধি করে। রক্তের চাপ বেশি হলে শরীরের হার্ট, ব্রেইন ও কিডনিতে জটিলতা শুরু হয়।’
সিভিল সার্জন বলেন, ‘উপকূলে অধিক লবণাক্ততার কারণে সেখানে ফসল ফলে না, ফলমূলের কোনো গাছ নেই। যে কারণে সেখানের মানুষ পুষ্টি থেকে বঞ্চিত হন। বলা যায়, অধিক লবণাক্ততার কারণে উপকূলে পুষ্টিহীনতা বেড়েছে। এটিও রোগ বৃদ্ধির একটি অন্যতম কারণ।’
অকাল গর্ভপাতের বিষয়ে তিনি বলেন, ‘গর্ভবতী মায়েদের লবণপানি খেতে হয় ও ব্যবহার করতে হয়। লবণ বেশি খাওয়ার জন্য উচ্চ রক্তচাপে তাদের গর্ভপাত হয়। এ ছাড়া যৌনাঙ্গে লবণপানি ব্যবহারের ক্ষতি তো আছেই।’
তিনি বলেন, ‘উপকূলে অধিক লবণাক্ততার কারণে অসংক্রামক রোগ (এনসিডি) বৃদ্ধি পাচ্ছে।’

২০২১ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক জরিপে খুলনাঞ্চলের উপকূলীয় মানুষের নিরাপদ খাবার পানির দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বসবাসকারী ৭৩ শতাংশ মানুষ অনিরাপদ লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন।
ওই জরিপের তথ্য মতে, উপকূলীয় এসব উপজেলার মানুষের প্রতি লিটার খাবার পানিতে ১ হাজার ৪২৭ মিলিগ্রাম থেকে হাজার ২৪০৬ মিলিগ্রাম পর্যন্ত লবণাক্ততা রয়েছে। তবে পানির প্রতি লিটারে ১ হাজার মিলিগ্রামের বেশি লবণাক্ততা থাকলে তা খাওয়ার অনুপযোগী।
সেখানকার মানুষ পান করেন এমন ৫২ শতাংশ পুকুর ও ৭৭ শতাংশ টিউবওয়েলের পানিতে অনুমোদিত মাত্রার থেকে বেশি মাত্রায় লবণাক্ততা পাওয়া গেছে। দাকোপ উপজেলার পুকুরগুলোতে ৬৫০ মিলিগ্রাম, কয়রায় ১ হাজার ২৪ মিলিগ্রাম, পাইকগাছায় ১ হাজার ৫৮১ মিলিগ্রাম, আশাশুনিতে ১ হাজার ২০৩ মিলিগ্রাম, ও শ্যামনগরে ১ হাজার ১৮৪ মিলিগ্রাম লবণাক্ততা পাওয়া গেছে।
এ ছাড়া টিউবওয়েলগুলোর পানিতে লবণাক্ততার মাত্রা রয়েছে দাকোপে ২ হাজার ৪০৬ মিলিগ্রাম, কয়রায় ১ হাজার ৪৫৩ মিলিগ্রাম, পাইকগাছায় ১ হাজার ৫১০ মিলিগ্রাম, আশাশুনিতে ৯৯৮ মিলিগ্রাম ও শ্যামনগরে ১ হাজার ৬৮৩ মিলিগ্রাম।
এ ছাড়া শুষ্ক মৌসুমে বা শীতকালে শ্যামনগর উপজেলার টিউবওয়েলে প্রতি লিটার পানিতে ৬ হাজার ৬০০ মিলিগ্রাম পর্যন্ত লবণাক্ততা পওয়া গেছে, যা অনুমোদিত সীমার চেয়ে ৬ গুণেরও বেশি।
গ্রিন ক্লাইমেট ফান্ড এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ওই জরিপ প্রকল্পের সমন্বয়কারী আলমগীর হোসেন বলেন, ‘প্রায় তিন দশক ধরে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। ওই এলাকার মানুষ খাবার পানির জন্য মূলত পুকুর ও টিউবওয়েলের ওপর নির্ভরশীল হয়েছে। কিছু এলাকায় লবণপানির চিংড়ি চাষের কারণে সুপেয় পানির পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার কারণেও অনেক পুকুর লোনাপানিতে ভরে গেছে। পরে তা সংস্কার করা হয়নি।’জলবায়ু পরিবর্তনের কারণে জাতীয় দুর্যোগের সংখ্যা এবং ভয়াবহতা দুটোই বাড়ছে। আগামী বছরগুলোতে তাপপ্রবাহ, মরুময়তা, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি দুর্যোগ বিশ্বের দরিদ্র দেশগুলোর ৩৯ মিলিয়নের বেশি মানুষের দুর্ভোগের কারণ হবে। টিকে থাকার ক্ষমতার নিরিখে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন দেশের অরক্ষিত জনগোষ্ঠী আরও বিপন্ন হয়ে পড়েছে। নারীদের স্বাস্থ্যঝুঁকি অন্য যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। লিখেছেন বাসন্তি সাহা
জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর একটি বাংলাদেশ। প্রতিবছর লবণাক্ততার কারণে ফসলের উৎপাদন কমছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জনপদ তলিয়ে যাচ্ছে। বিপন্ন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে স্বাস্থ্যগত বিভিন্ন ঝুঁকিও বাড়ছে, বিশেষ করে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন এক জনপদ নিঝুম দ্বীপ। জনসংখ্যা প্রায় ত্রিশ হাজার, যার অর্ধেক নারী ও শিশু। মাছ ধরা তাদের প্রধান জীবিকা। প্রতিবছর নদীভাঙনে দ্বীপের আয়তন কমছে। বাস্তুচ্যুতি, রোগব্যাধি ও অপুষ্টি তাদের নিত্যসঙ্গী। জলবায়ু পরিবর্তনের কারণে পৌনঃপুনিক বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস তাদের এই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের একমাত্র মিডওয়াইফ মোসাম্মৎ দীপা খানম বলেন, ‘এখানে প্রতিদিন ৩ থেকে ১৫ জন নারীর ডেলিভারি করতে হয়। যাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। পরিবারের বেশির ভাগ পুরুষ মাছ ধরতে যান গভীর সমুদ্রে। শিক্ষার সুযোগ নেই। বাল্যবিয়ে এখানে বেশি। অপুষ্ট শরীরে অপুষ্ট শিশুর জন্ম হয় এখানে। আমি তাদের হাতিয়া উপজেলা সদর হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দিই। স্বাস্থ্যসেবা বলতে এখানে আমি ও একজন আয়া আছি। ডেলিভারি টেবিলটিও ভাঙা আর পেঙ্গুইন সাকারও নেই, যা নবজাতকের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জলবায়ু পরিবর্তনের ফলে নারীর বিপন্নতা কেন বেশি– এ প্রশ্নের উত্তরে গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ভারনাবিলিটি স্টাডিজের শিক্ষক মো. শামসুদ্দোহা বলেন, ‘সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরা এলাকার পানির লবণাক্ততা ও সমুদ্রের পানির লবণাক্ততা একই মাত্রার। প্রভাব পড়েছে নারীর স্বাস্থ্যে, তাদের মাসিক চক্রে গোলমাল দেখা দিচ্ছে। নারীরা কোমরপানিতে নেমে প্রতিদিন কয়েক ঘণ্টা চিংড়িপোনা সংগ্রহ করেন। মাসিক ব্যবস্থাপনার অভাবে নারীরা– কম বয়সী মেয়েরা নিয়মিতভাবে জন্মনিয়ন্ত্রণের বড়ি খান দীর্ঘমেয়াদি প্রভাবের কথা না জেনে। চর ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় নারীরা সহজে স্যানিটারি ন্যাপকিন, প্রজনন স্বাস্থ্যসেবা পান না। সুপেয় পানির জন্য তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। নিজে লবণাক্ত পানি খেয়ে বা কম পানি খেয়ে পরিবারের অন্যদের পান করার জন্য পানি রাখেন। ফলে উচ্চ রক্তচাপ, চর্মরোগ, প্রি-একলাম্পশিয়া এমনকি গর্ভপাতের শিকার হন।’ তিনি আরও বলেন, ‘ওআরএস বা প্যাকেটজাত মুখে খাওয়ার স্যালাইন দক্ষিণাঞ্চলে ততটা কার্যকর নয়।’
‘পরিবারের পুরুষ যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য ঘর ছাড়েন, নারীরা রয়ে যান পেছনে পুরো পরিবার নিয়ে; পরিবারের ছোট বাচ্চা, কিশোরী মেয়ে, বয়স্কদের দায়িত্ব নিতে হয় তাদের।’ কথাগুলো বলছিলেন কোস্ট ফাউন্ডেশনের ক্লাইমেট চেঞ্জ বিভাগের প্রধান আবুল হাসান। ‘সমুদ্রে ডুবোচর জাগছে। মাছ পাওয়া যাচ্ছে না। পুরুষটিকে আরও গভীর সমুদ্রে যেতে হয়। নিরাপত্তার কথা ভেবে কিশোরী মেয়েটিকে বিয়ে দিয়ে যেতে হয়। কিশোর ছেলেটিকে দিতে হয় ইটভাটায় বা অন্য কোনো কাজে। কখনও পুরো পরিবার মিলে ইটভাটায় কাজ করে জেলেদের দাদনের টাকা শোধ করতে হয়। কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টা নোনাপানিতে দাঁড়িয়ে মাছের পোনা সংগ্রহ করতে হয়। এই ঘটনাগুলো কক্সবাজারের জেলে পরিবারের নারীদের।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. কালাম মল্লিক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের আরও একটি অভিঘাত হচ্ছে ক্রমেই তাপপ্রবাহ বেড়ে চলা। এখানেও নারীদের বিপন্নতা বেশি তাদের পোশাকের কারণে। কারণ অনেক রকম পোশাকে নারী ঢেকে রাখে শরীর। ফলে অত্যধিক তাপপ্রবাহ নারীর হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। আবার এই তাপপ্রবাহের মধ্যে রান্নাঘরে অনেকটা সময় কাটাতে হয়, যেখানে ধোঁয়া ও তাপ ছাড়াও পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে না। ফলে নারীরা হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া পোশাকের কারণে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নারীর মৃত্যুঝুঁকিও অনেক বেশি থাকে।’
সাতক্ষীরা জেলার উন্নয়ন সংগঠন ‘বিন্দু’র নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় যথাক্রমে ৩৯.৯, ৪১ ও ৪০ শতাংশ নারী ও কিশোরী প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এ ছাড়া বেশির ভাগ নারী লবণাক্ত পানি পান বা কম পানি পান করার কারণে ইউরিন ইনফেকশন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক নানা রকম জটিলতায় ভুগছেন। কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের এসব জটিলতার কারণেও এসব এলাকায় বাল্যবিয়ে বাড়ছে এবং অল্প বয়সে সন্তান প্রসবের কারণে নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, পুষ্টিহীনতা, ম্যালেরিয়া, ডায়রিয়া ও তাপমাত্রাজনিত শারীরিক জটিলতায় ২০৩০ সালের পর থেকে বিশ্বে প্রতিবছর ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ম্যালেরিয়া নো মোর (আর নয় ম্যালেরিয়া) নামের একটি অলাভজনক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্টিন এডলুন্ড বলেন, ‘চরমভাবাপন্ন আবহাওয়ার বিষয়টি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুতর একটি বিষয়ে পরিণত হয়েছে। তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোক; অর্থাৎ তাপমাত্রাজনিত শারীরিক জটিলতা বাড়ছে। নারীর প্রজনন স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে কীভাবে জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, এগুলো তার সামান্য নমুনা মাত্র।’
টেকসই উন্নয়ন বা এসডিজি লক্ষ্যমাত্রার ১৩ নম্বরে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণে সবচেয়ে বড় বাধা হলো, বিশ্ব সম্প্রদায় যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি থেকে দূরে সরে থাকা। মাত্র ৮৫টি দেশ এ পর্যন্ত জাতীয় দুর্যোগ নিরসন পরিকল্পনা গ্রহণ করেছে। জীবাশ্ম জ্বালানিতেও উন্নত দেশগুলো তাদের বিনিয়োগ কমায়নি। ফলে কার্বন নিঃসরণ কমানো ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT