মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান। এ ছাড়া এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ সম্পর্কেও ধারণা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী।

সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন।

তিনি আরও বলেন, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং সিগারেটের শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বীজ, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

জিন্নাত আলী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর দাবি, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২৩ আগস্ট নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শুরুতে মামলাটির তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী। পরে মামলার তদন্তভার নেয় মহানগর ডিবি পুলিশ। এরপর থেকে এই মামলা তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT