শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা, আটক ৯

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
যশোর অফিস : যশোরে দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিস্ফোরক আইনে করা এ মামলায় রাতভর অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে নয়জনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেনসহ নয়জন।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের খবর পান। পরে রাত ৯টার দিকে সহকারী জজ আদালতের ফটকের সামনে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। সেটি ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে পড়ে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা ও বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁরা যশোরের শান্তিশৃঙ্খলা নষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT