
যশোর প্রতিনিধি : যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও নাশকতা প্রতিরোধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ৫৪টি চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করে ৩২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা, দুজনকে গ্রেপ্তার এবং ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার বিকেল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক,মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি শুরু হয়। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান শেষে রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন,নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
সম্প্রতি যশোর আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মিরাজুল ইসলাম আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম,কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন যশোর ট্রাফিক পুলিশের টিআই মাহফুজুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply