খুলনার রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের সুতালের বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান খান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলিলুর রহমান মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণশ্রমিকের কাজ করতেন। আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি দেবীপুর সুতালের বটতলাসংলগ্ন দিদারুল ইসলামের অটো রাইস মিলে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে রাইস মিলের নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে গুরুতর আহত খলিলুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উলেখ করেন।
Leave a Reply