সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দলমত নির্বিশেষে আয়োজিত এই স্মরণসভায় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনদের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা এবং অর্থনৈতিক দর্শন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি নিয়ে লেখা পাঠানো যাবে।
এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব, জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধ নিয়েও লেখার বিষয় নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তার রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরার একটি প্রয়াস। সেই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে প্রত্যাশা আয়োজকদের।
Leave a Reply