
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী সাব-রেজিষ্ট্রি অফিসে ৮টি জাল দাখিলা কান্ডে অভিযুক্ত দলিল লেখক (মুহুরী) মুন্সি দেলোয়ার হোসেনকে লঘুদন্ড দেওয়ায় ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। উপজেলা সাব-রেজিষ্টার সমীর কর্মকার তাঁকে ৯০ দিনের জন্য মৌখিক ভাবে মুসাবিদা (দলিল লেখা) থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। সচেতন মহলের দাবি, দলিল লেখক দেলোয়ার হোসেনের এতবড় অপরাধ ঢাকতে তাঁকে এই লঘুদন্ড দেওয়ায় হয়েছে। আইনজীবির তথ্যমতে এই অপরাধে অপরাধীর ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর চিতলমারী উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে নির্ধারিত কর্মদিবস ছিল। বেলা ১১ টার দিকে এ অফিসের দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসেন (নিবন্ধন নং ০৮/০৮) বোয়ালিয়া মৌজার ১৫ শতক জমির দলিল রেজিষ্ট্রি করার জন্য অফিসে নোটিশসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। তাঁর দাখিলকৃত নথির কাগজপত্র যাচাই-বাছাই করে সাব-রেজিষ্টার দেখেন খতিয়ান-৮৫৫ দাখিলা- ৪৭১২২৬১৭৫৩৪০, খতিয়ান-৬৫৯ দাখিলা- ৪৭১২২৬১৭৫৬৮৭, খতিয়ান-৪৮৩ দাখিলা-৪৭১২২৬১৭৬৮৩৪, খতিয়ান-৪২৩ দাখিলা- ৪৭১২২৬১৭৫৩২৫, খতিয়ান-৩৭৫ দাখিলা- ৪৭১২২৬১৭৬৮৯৮, খতিয়ান-৫১ দাখিলা- ৪৭১২২৬১৭৫৪০২, খতিয়ান-৩৭১ দাখিলা- ৪৭১২২৬১৭৫৬৮৭, খতিয়ান-১৩১ দাখিলা- ৪৭১২২৬১৭৫৬০১ ও খতিয়ান-৬৫৮ দাখিলা- ৪৭১২২৬১৭৫৫৯৫ অনলাইন দাখিলা গুলোর মধ্যে ৮টি দাখিলা জাল। তিনি দাখিলা জাল প্রমানিত হওয়ায় তাৎক্ষনিকভাবে ওই জমির দলিল রেজিষ্ট্রি স্থগিত ও ৮টি জাল দাখিলাসহ নথির সকল কাগজপত্র জব্দ করেন। জব্দের দীর্ঘ দেড় মাস পর জাল দাখিলা উপস্থাপন করায় দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসনেকে মুসাবিদা থেকে বিরত থাকতে মৌখিক ভাবে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাব-রেজিষ্ট্রি অফিস পাড়ায় এ লঘুদন্ডের খবর ছড়িয়ে পড়লে সচেতন মহল ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তাদেঁর অভিযোগ, বিগত ১৫-১৬ বছর ধরে সাব-রেজিষ্ট্রি অফিসে বহু অপকর্মের হোতা মুন্সি দেলোয়ারের অপরাধ ঢাকতে তাঁকে এই লঘুদন্ড দেওয়ায় হয়েছে।
চিতলমারী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জবরুল শেখ বলেন, ‘শুনেছি ওই দলিল লেখক অতীতে সরকারী খাস খতিয়ানের জায়গা রেজিষ্ট্রিসহ বহু অপকর্ম করেছেন। এখনও যদি এতবড় অপরাধে লঘুদন্ড হয়। তবে সঠিক বিচার হবে কবে?
চিতলমারী দলিল লেখক সমিতির সভাপতি খাঁন মনিরুজ্জামান বলেন, ‘যে বা যারা এই জালচক্রের সাথে জড়িত আমরা তাদের শাস্তি দাবি করে আসছি। জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন তা আমাদের সাব-রেজিষ্ট্রার জানাননি। অপরাধীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে এ ঘটনার পূনরাবৃত্তি ঘটবে। শুনেছি এক অপরাধীকে লঘুদন্ড দেওয়া হয়েছে। আমরা এই ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’
বুধবার (১১ নভেম্বর) উপজেলা সাব-রেজিষ্ট্রার সমীর কর্মকার সাংবাদিকদের বলেন, ‘দলিল রেজিষ্ট্রির জন্য দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসেনের প্রদান করা করা ৮টি জাল দাখিলা জব্দের পর তার নথিপত্র আটক করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাকে ৯০ দিনের জন্য দলিল মুসাবিধা থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে বলেছি।’
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি প্রতুল কুমার মন্ডল জানান, দণ্ডবিধি-১৮৬০ এর ধারা ৪৬৫ ও ৪৬৮ প্রতারণার উদ্দেশ্যে কোনো সরকারি রশিদ বা কাগজ জাল করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। ধারা ৪৭১ এ কেউ নিজে দাখিলা জাল না করলেও, সেটি জাল জেনেও রেজিস্ট্রির কাজে আসল হিসেবে উপস্থাপন করলে জালিয়াতির সমান শাস্তি অর্থাৎ সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ভোগ করতে হবে। ধারা ৪২০ এ জাল কাগজ দেখিয়ে ক্রেতা বা সরকারকে ঠকানোর দায়ে অতিরিক্ত ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। নিবন্ধন আইন, ১৯০৮ অনুযায়ী সাব-রেজিস্ট্রারের সামনে মিথ্যা তথ্য বা জাল কাগজপত্র উপস্থাপন করা নিবন্ধন আইনের অধীনেও একটি দণ্ডনীয় অপরাধ।
চিতলমারী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসেন বলেন, ‘ওই দাখিলা গুলো আমার সহকারি দলিল লেখক সুব্রত আমার কাছে সরবরাহ করে। নথিটিতে আমার নাম ব্যবহার করে দলিলটি রেজিষ্ট্রির জন্য আমি সাব-রেজিষ্ট্রারের সামনে উপস্থাপন করি।’
Leave a Reply