শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

কাটছাঁটের আর জায়গা নেই, টানাপোড়েনে মধ্যবিত্তের সংসার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

রাজধানীর মধ্যবাড্ডা এগারো সরণী এলাকার বাসিন্দা তুহিন আহমেদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজার করতে যান মধ্যবাড্ডা বাজার গলিতে। কাঁচাবাজার ঘুরে বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করে যান মাছের বাজারে। কয়েকটি দোকান ঘুরে শেষ পর্যন্ত একটি রুই মাছ কেনেন। মাছ কাটার সময় দোকানিকে বেশিরভাগ পিস ছোট করতে বললেও কয়েকটি পিস বড় করতে বলেন। কোন অংশের পিস বড় হবে, সেটিও দেখিয়ে দেন নিজেই।

এমন নির্দেশনার কারণ জানতে চাইলে তুহিন বলেন, ‘বাজারের যে অবস্থা, তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মাছের পিস ছোট না করে উপায় আছে? বাসায় অতিথি আসবেন, তাই কয়েকটা পিস বড় করতে বলেছি।’

স্ত্রী ও এক সন্তান নিয়ে তুহিনের সংসার। সন্তান স্কুলে পড়ার তার পেছনে প্রতি মাসে গুনতে হয়ে অনেক টাকা। এর মধ্যে বাড়িওয়ালা আগামী জানুয়ারি থেকে এক হাজার টাকা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একদিকে বাজারের খরচ, অন্যদিকে বাড়িভাড়া ও সন্তানের পড়াশোনার ব্যয়-সব মিলিয়ে সংসারের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আয় না বাড়লেও ব্যয়ের খাত বাড়ায় প্রতিটি খরচের আগে তাকে ভাবতে হচ্ছে কয়েকবার।

বেসরকারি চাকরিজীবী তুহিনের মতো এমন টানাপোড়েনের মধ্য দিন কাটছে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের। তাদের সবার বক্তব্য প্রায় কাছাকাছি। সবার ভাষ্য, নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে বাড়েনি বেতন। অথচ বাড়িভাড়া, সন্তানের লেখাপড়ার খরচ, চিকিৎসা, যাতায়াত ও বাজার-কোনো খাতেই ব্যয় কমানোর সুযোগ নেই। ফলে সংসারের বাজেট সামলাতে একের পর এক কাটছাঁট করতে হচ্ছে।

তুহিন আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘নিত্যপণ্যে থেকে শুরু করে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে গেছে। বেতন না বাড়লেও খরচ তো আর কমছে না। উল্টো বেড়েছে। গত বছরের শেষে সাড়ে ১২শ টাকায় সিলিন্ডার কিনেছিলাম। সেই সিলিন্ডার কয়েক দিন আগে কিনেছি ২৩০০ টাকায়। এর মধ্যে আবার বেড়েছে বিদ্যুতের দাম। উপায় না পেয়ে খরচ কাটছাঁট করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগে অফিসে যেতে রিকশা ব্যবহার করতাম। এখন হেঁটে গিয়ে খরচ কমানোর চেষ্টা করছি। মাছ-মাংসের পরিমাণও কমিয়ে দিয়েছি। আগে বড় মাছ কিনলেও এখন কম দামের মাছ কেনার চেষ্টা করি।’

শুধু তুহিনই নন, তার মতো অনেকেই সংসারের খরচ কমাতে এমন কাটছাঁট করছেন। কেউ পছন্দের খাবার কেনা বাদ দিচ্ছেন, কেউ বন্ধ করেছেন বাইরে খাওয়া কিংবা বিনোদন। পোশাক কেনা ও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও কমিয়েছেন অনেকে। এভাবে প্রয়োজনের বাইরে থাকা খরচ কমাতে কমাতে এখন নিত্যদিনের খাবারের তালিকায় হাত দিতে বাধ্য হচ্ছেন তারা।

dhaka

তুহিনের পাশেই দাঁড়ানোর আরেক বেসরকারি চাকরিজীবী সুলতান আহমেদ বলেন, ‘বাড়ি ভাড়া, বিদ্যুৎ-গ্যাস-পানির বিল, সন্তানের পড়াশোনা কিংবা চিকিৎসার ব্যয় কোনোটাই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আবার আয়ও নির্দিষ্ট। মাসের শুরুতে বেতন পাওয়ার পর একে একে বিভিন্ন খাতে টাকা চলে যায়। বাজার ও অন্যান্য খরচ মেটানোর পর হাতে সঞ্চয়ের মতো কিছুই থাকে না। কোনো জরুরি প্রয়োজন দেখা দিলে ধারদেনা করা ছাড়া বিকল্প পথ থাকে না।’

একটি গণমাধ্যমের কর্মী সাজেদুল থাকেন রাজধানীর সেকেন্দারবাগ এলাকায়। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘যে চাকরি করি তাতে ঢাকা শহরে টেকা দায়। বাজারে গেলে অনেক কিছুই কিনতে মন চায়। কিন্তু অনেক চাহিদা বিসর্জন দিয়ে চলতে হচ্ছে। মধ্যবিত্তদের জন্য গরুর মাংস এখন ‘আকাশকুসুম কল্পনা’ হয়ে দাঁড়িয়েছে। আর মাছের মধ্যে ইলিশ-রুই-কাতলা এখন আর কেনার কথাও ভাবতে পারি না। কম দামের মাছ ও সবজির ওপরই নির্ভর করতে হচ্ছে।’

 

সাজেদুল বলেন, ‘বড়লোকদের হয়তো সমস্যা হয় না। কিন্তু মধ্যবিত্ত আর গরিবরা বাজারে গিয়ে যে স্বস্তি পাবে কিংবা প্রয়োজনীয় জিনিস কিনে দুই পয়সা বাঁচাবে সেটির কোনো সুযোগ নেই।’

পুরান ঢাকার জুরাইনের বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী মনির হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘সরকারি চাকরিজীবীদের পে-স্কেল দেওয়ার পর আমাদের মতো সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের তো আর সেভাবে বেতন বাড়েনি, তাই বাজারে গেলে এখন অনেক কিছুই কাটছাঁট করে ব্যাগ ভরতে হয়।’

তিনি আরও বলেন, ‘বাড়িভাড়া, সন্তানের স্কুলের বেতন, যাতায়াত ও বাজার খরচ মেটাতে গিয়ে প্রতি মাসেই ধারদেনা করতে হচ্ছে। এখন সবার খরচ বেড়ে যাওয়ায় ধার পেতেও বেগ পেতে হচ্ছে। উপায় না পেয়ে খরচ কমাতে এখন নিজের অনেক প্রয়োজন বাদ দিতে বাধ্য হয়েছি।

‘আগে পরিবার নিয়ে প্রতি সপ্তাহে ঘুরতে বেরোতাম। এখন মাসে একবার বা দুইবার বের হই। পথে খেলনা দেখে সন্তান বায়না ধরায় কোথাও খেলনার দোকান চোখে পড়লে আগে থেকে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দ্রুত সটকে পড়ি। এভাবে কী আর চলা যায়?’

সঞ্চয় নয়, মাস পার করাই বড় চ্যালেঞ্জ

মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক চাপের একটি বড় দিক হলো সঞ্চয়ের সুযোগ কমে যাওয়া। আগে মাসের খরচ মিটিয়ে কিছু অর্থ জমাতে পারলেও এখন অনেক পরিবারকে সেই সঞ্চয়ও খরচ করতে হচ্ছে। কারও ক্ষেত্রে মাসের শেষ দিকে ধারদেনা করতে হচ্ছে, আবার কেউ জরুরি প্রয়োজনের কথা ভেবে খরচ আরও কমিয়েছেন। ফলে ভবিষ্যতের জন্য অর্থ জমানোর পরিবর্তে বর্তমানের ব্যয় সামলানোই হয়ে উঠছে প্রধান চিন্তা।

এমন অবস্থার মধ্যে পরিবারের কারও অসুস্থতা, হঠাৎ কোনো আর্থিক প্রয়োজন কিংবা সন্তানের বাড়তি কোনো ব্যয় এলে তা মধ্যবিত্ত ও গরিব পরিবারের মাসিক বাজেট এলোমেলো করে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT