যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শুক্রবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর রাতে শার্শার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামস্থ শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পার্শ্ববর্তী জামাল হোসেনের ধানক্ষেতের ভেতর অভিযান চালায় শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া স্থান তল্লাশি করে একটি পুরাতন দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকা মূলে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের আসল নাম-ঠিকানা শনাক্তকরণ এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply