বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ডুমুরিয়ায় আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৬ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : সন্ধ্যার আঁধার নামতেই সড়কে দুর্বৃত্তের তাণ্ডব! এবার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন এক ব্যক্তি। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, সঙ্গে থাকা মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে তারা। খুলনার ডুমুরিয়ায় একের পর এক ছিনতাই ও হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ডুমুরিয়ার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. সাইফুল ইসলাম (৪৫) বাগেরহাট জেলার যাত্রাপুর (রহিমাবাদ) এলাকার বাসিন্দা।

জানা গেছে, সাইফুল ইসলাম ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আড়ংঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। এরপর তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁর কাছে থাকা নগদ টাকা খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পরে স্থানীয় এক ভ্যানচালক রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান।

একের পর এক ছিনতাই, নিরাপত্তা কোথায়?

ডুমুরিয়ার বিভিন্ন সড়কে ছিনতাই ও দুর্বৃত্তের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। সন্ধ্যার পর সড়কে চলাচল করতেও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবিকার তাগিদে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ এখন সড়কে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, তা নিয়েই শঙ্কিত।

এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে পুলিশের টহল জোরদার, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT