
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে বৈধ পাস নিয়ে মাছ ধরতে গিয়ে বনদস্যু বাম্বা বাহিনীর প্রধান খোকন সরদার ওরফে বাম্বা ও তাঁর সহযোগীদের মারধরের শিকার হয়েছেন উপজেলা সদরের ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা জামাল গাজী নামের এক জেলে। গ্রাম্য পূর্বশত্রুতার জেরে তাঁকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জামাল গাজী জানান, তিন দিন আগে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন থেকে বৈধ পাস নিয়ে চালকির খালে মাছ ধরার সময় বাম্বা ও তাঁর সহযোগীরা তাঁর ওপর হামলা চালায়। পুরোনো বিরোধের কথা উল্লেখ করে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে নদীতে ঝাঁপ দিয়ে অন্য জেলেদের নৌকায় উঠে প্রাণে রক্ষা পান তিনি। বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
জামালের স্ত্রী জানান, ধারদেনা করে পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে মাছ ধরতে গেলেও মাছ ধরা সম্ভব হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা ও সংসার চালানো নিয়ে চরম সংকটে পড়েছেন তাঁরা।
স্থানীয় জেলেদের অভিযোগ, ২২ জনের বনদস্যু দল নিয়ে বাম্বা বাহিনীসহ পশ্চিম সুন্দরবনে আরো সক্রিয় পাঁচ-ছয়টি অস্ত্রধারী বনদস্যু বাহিনীর শতাধিক সদস্যরা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
Leave a Reply