
ডুমুরিয়া প্রতিনিধি : নাশকতার মামলায় একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশের জালে! এবার প্রায় দুই মাস আত্মগোপনে থাকার পর খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আসলাম ফকিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বুধবার (১১ নভেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন আত্মগোপনে থাকা আসলাম ফকিরকে গত রাতে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা মামলার নম্বর ১৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। মামলার বাদী ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি।
পুলিশের অভিযোগ, উপজেলার কোমরাইল গ্রামের একটি বাগানবাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আসলাম ফকিরকে আটক করা হয়েছে।
এর আগে একই মামলায় খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহসহ আরও চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মো. হাসান জানান, এ মামলায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply