
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা সোয়া প্রোটিন বিস্কুট বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি মাসে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা প্রায় ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট বিস্কুটের ভেতরের মূল প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ২৫ এপ্রিল ২০২৬ পাওয়া গেছে। অথচ বাইরের কার্টুনে মেয়াদ লেখা রয়েছে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত।
গত ৩ নভেম্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিস্কুট বিতরণ করা হয়। দেয়াড়া, খেজুরডাঙ্গা ও শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ নভেম্বর সরেজমিনে গিয়েও মেয়াদোত্তীর্ণ বিস্কুটের মজুত পাওয়া যায়। সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, কার্টুনের গায়ে মেয়াদ দেখে বিস্কুট বিতরণ করা হলেও ভেতরের প্যাকেটের মেয়াদ সম্পর্কে আগে থেকে সতর্ক করা হয়নি।
বাংলাদেশ সয়াবিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু প্যাকেটের মেয়াদের তারিখে ভুলের বিষয়টি স্বীকার করে জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজারের বেশি কার্টুন ফিরিয়ে নেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার জানান, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিস্কুট বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানান, উপজেলার ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে সাত লাখের বেশি প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, মেয়াদোত্তীর্ণ খাদ্য শিশুদের খাওয়ানো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, বিষয়টি জানার পর শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply