
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির সন্দেহে ১৫ বছর বয়সী এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮ দিকে শহরের বড়বাজার এলাকায় অ্যাপেক্স শোরুমের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কিশোরের বাবা সাতক্ষীরা ট্রাফিক বিভাগে টিএসআই হিসেবে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন এর মালিক। বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে পরীক্ষামূলকভাবে চালানোর কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পুলিশের সহায়তায় মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কিশোরের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বাবার সঙ্গে বড়বাজার এলাকায় জুতা কিনতে যায় ওই কিশোর। এ সময় মোটরসাইকেলের মালিক শাহীন ইসলাম তাকে দেখতে পেয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে আটক করেন এবং মারধর শুরু করেন।
তবে শাহীন ইসলামের দাবি, কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার কথা বলে ওই কিশোর সেটি নিয়ে পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার তাকে দেখতে পেয়ে তিনি আটক করেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কিশোর ও তার বাবাকে হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মারপিট এ আহত কিশোর কে উদ্ধার করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply