
শরণখোলা প্রতিনিধি : বালক-বালিকাদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে বাগেরহাটের শরণখোলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শরণখোলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান ইফতেকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন,বিএনপি নেতা মতিয়ার রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল.গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বালক ও বালিকাদের অংশগ্রহণের জন্য মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। ইভেন্টগুলো হলো— ক্রিকেট, ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, দাবা, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস।
সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের অংশগ্রহণ, আয়োজনের পরিকল্পনা এবং সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।#
Leave a Reply