মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। আর ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। সব ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। এ কারণে যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাস বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় কমিশন। ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের বলা হয়েছে।

সভায় ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও আলোচনা হয়। চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতো বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউজিসি সূত্র জানায়, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১০ লাখের বেশি। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT