
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী আব্দুর রহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আব্দুর রহিম চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে এবং নিহত গৃহবধূ একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।
পুলিশ জানায়, প্রায় এক যুগ আগে আব্দুর রহিম সৌদি আরবে যান। সেখানে ৬ বছর থাকার পর বর্তমানে মালয়েশিয়ায় থাকেন। প্রায় দুই মাস আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। গত সোমাবার নিহত রোমেনা খাতুন তার বাবার বাড়িতে কিছু টাকা পাঠান। এ নিয়ে তার স্বামী আব্দুর রহিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রী রোমেনা খাতুনকে গলা টিপে ধরেন। এতে রোমেনা খাতুন প্রাণ হারান।
অভিযুক্ত আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করে পুলিশকে জানায়,সে প্রবাসে থাকা অবস্থায় আমার আয়ের বেশির ভাগ টাকা আমার স্ত্রী তার বাবার বাড়ি পাঠায়। গতকাল সোমবার সে আমাকে না জানিয়ে তার কাছে রাখ ১৩ হাজার টাকা আবারও তার বাবার বাড়ি পাঠায়। টাকার কথা জিজ্ঞেস করলে তার সঙ্গে আমার ঝগড়া হয়। এক পর্যায়ে আমি তাকে গলা টিপে ধরলে সে মারা যায়। তবে আমি জানতাম না গলা টিপে ধরলে মারা যাবে।
নিহত রোমেনা খাতুনের বাবা মরহম আলী জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাই। তারা মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমাকে জানান এবং তাকে দাফনের প্রক্রিয়া করতে থাকেন। কিন্তু মেয়ের গোসলের সময় তার গায়ে ও গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘটনার সত্যতা পান। পরে আব্দুর রহিমকে জিজ্ঞেস করলে সে হত্যার কথা স্বীকার করে। আমার মেয়ের দুটি ছেলে সন্তান রয়েছে। আমার নাতিদের এখন কী হবে? আমি মেয়ের হত্যা বিচার চাই।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের গায়ে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হত্যার কথা স্বীকার করেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply