
শরণখোলা প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দকৃত কার্গোর কয়লায় বুধবার সকালে আগুন ধরেছে। ফায়ার সার্ভিস সদস্যদের ঘন্টাব্যপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। হাড়বাড়িয়া থেকে বিদেশী কয়লা পাচার করে নিয়ে যাবার পথে বনরক্ষীরা গত ১৮ অক্টোবর বিকেলে ভোলা নদীতে ৯ পাচারকারীসহ কার্গোটি আটক করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার (১১ নভেম্বর) সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে ঘন্টাব্যপী কয়লায় পানি দিয়ে ধোয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বড় ধরনের আগুনের দূর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্ততি নেওয়া হয়েছে বলে এসিএফ জানান।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আফতাদ ই আলম বলেন,কার্গোর নীচে কয়লার গরমে আগুন সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিলো। ধোয়া নিয়ন্ত্রণ করা গেছে। অগ্নি দূর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বনবিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, বনরক্ষীরা সুন্দরবনের ভোলা নদীতে টহলের সময় গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে ইন্দোনেশিয়ান ২৩০ টন কয়লা বোঝাই একটি মিনি কার্গো সহ ৯জনকে আটক করেন। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে নির্দ্দিষ্ট গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের মধ্যে দিয়ে অন্য কোথাও পাচার করে নিয়ে যাচ্ছিলো। তারা কয়লার কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা করে ৯ আসামীসহ কয়লা বোঝাই কার্গোটি শরণখোলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলার আসামীরা বর্তমানে বাগেরহাট কারাগারে রয়েছে বলে এই কর্মকর্তা জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, জব্দকৃত কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের পাশে নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।#
Leave a Reply