সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার এবং নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে রনজিত সরকারের বাসায় অগ্নিসংযোগের অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ১টা থেকে দেড়টার মধ্যে হামলার ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। তবে তাদের পরিবারের সদস্যরা বাসায় অবস্থান করছেন।
সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাত ১টার দিকে চারজন ব্যক্তি রনজিত সরকারের বাসায় প্রবেশ করেন। তাদের একজনের মাথায় হেলমেট এবং আরেকজনের মুখে মাস্ক ছিল। হামলাকারীরা লাঠি দিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর করেন। এ ছাড়া হাতুড়ি দিয়ে কলাপসিবল গেট খোলার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসায় আগুন দেওয়া হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
অন্যদিকে কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক নাজমুল ইসলামের ফ্ল্যাটের দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করেন। তারা লাঠি দিয়ে সিসি ক্যামেরাও বিকল করেন বলে জানা গেছে।
হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কিছুটা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সরাসরি বাসা পুড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply