প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১০:৫৩ পি.এম
বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল
কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নবগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। ঢাকঢোলের শব্দ, মাঝি-মাল্লাদের হুঙ্কার আর দাঁড় টানার ছন্দে নবগঙ্গা নদী হয়ে ওঠে উৎসবের মিলনমেলা।
নৌকা বাইচ উপভোগ করতে বড়দিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। নদীর বুকে প্রতিযোগী নৌকাগুলোর ছুটে চলা, মাঝিদের সম্মিলিত প্রচেষ্টা এবং দর্শকদের করতালি ও উল্লাসে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আবহমান গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর নদীপাড়ের মানুষ এক আনন্দঘন মিলনমেলায় মিলিত হন।
অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা মনে করেন, নৌকা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।
বড়দিয়ার নবগঙ্গা নদীতে এমন প্রাণবন্ত আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন আয়োজক ও স্থানীয় দর্শনার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com