সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট সীমান্তে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি গোপন বৈঠকের আয়োজনের খবর ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জে দলটির এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।
আটক এখলাছুর রহমান তারা মিয়া তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৈঠকের স্থান ও আয়োজন সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এখলাছুর রহমান তারা মিয়া সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া রনজিত সরকারের একটি ভিডিওতে তাকে দেখা যায়। ওই ভিডিওতে রনজিত সরকারকে একটি গোপন বৈঠকে বক্তব্য দিতে দেখা যায়। সভাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। সভার স্লোগান ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত রোববার রাতে সিলেটের কোনো একটি সীমান্ত এলাকায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। সভার ব্যানারে ওই আসনের চারটি উপজেলার নাম উল্লেখ ছিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার।
তবে বৈঠকের নির্দিষ্ট স্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, সিলেটে এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়াকে দেখা গেছে। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বৈঠকের স্থান ও আয়োজন সম্পর্কে সঠিক তথ্য জানতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে, সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে গোপন বৈঠকের বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। ওই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে বলে জানা গেছে।
রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সভায় অংশ নেওয়ার পর আবার ভারতে ফিরে গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি নিজেও গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com