প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ৪:২৫ পি.এম
সাতলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি এবং পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিএনপি নেতা মোঃ আতিকুল ইসলাম নান্নু বালীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালীকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা নান্নু বালী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ঘটনায় আমি বহুদিন আগেই উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
তিনি আরও বলেন, আমি সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই আমাকে বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে। তবে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নতুন করে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে বলে আমার অভিযোগ।
নান্নু বালীর দাবি, সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি কাজ করে যাচ্ছেন। এসব কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি অসাধু মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে শুধু তাঁর ব্যক্তিগত সম্মানহানিই নয়, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করার পর থেকেই একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি নেতা নান্নু বালী। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার করে কারও সম্মানহানি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com