প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৬:৪৯ পি.এম
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে জনবল ও টহল
সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা দেশে ফিরতে পারেন এমন আশঙ্কায় সাতক্ষীরা সীমান্তের নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম বাড়িয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধীন ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সীমান্তে জনবল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে দিনে ও রাতে সীমান্তসংলগ্ন এলাকায় নিয়মিত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে পারাপার হতে না পারে কিংবা কোনো পক্ষ অনুপ্রবেশের সুযোগ না পায়, সে লক্ষ্যে টহল কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের চলাফেরা পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তের অন্ধকার ও দুর্গম এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত হচ্ছে বিশেষ টহল। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য ও সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com