প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৬:৪৭ পি.এম
সাতক্ষীরায় চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারধর: নগত টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আলমগীর হোসেন। সেখানে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে ঝাউডাঙ্গা বাজারে পুরাতন বই, খাতা ও কার্টুনের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তিনি। তাঁরা তিন ভাই। তাঁর মেজো ভাই বাপ্পারাজ কলারোয়ায় পুরাতন বইয়ের ব্যবসা করেন এবং ছোট ভাই আলীরাজ নসিমন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১৩ নভেম্বর রাত আনুমানিক রাত ৮টার দিকে সাতক্ষীরা সদরের গোবিন্দকাটি গ্রামের মো. আক্তারুজ্জামান বাপ্পী ও তার ভাই বাবলু তাঁর ঝাউডাঙ্গা বাজারের দোকানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে রবিবার সন্ধ্যায় টাকা প্রস্তুত রাখার কথা বলে তাঁরা চলে যান।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে পাথরঘাটা ব্রিজের মাথা থেকে চার রাস্তার মোড়ে ডেকে নেওয়া হয়। সেখানে পুনরায় চাঁদার টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁকে কোমর উদ্দীনের স-মিলে নিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে লোহার রড, শাবল, হাতুড়ি ও কাঠের চেলা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলে দাবি করেন তিনি।
আলমগীর হোসেনের দাবি, এ সময় তাঁর পকেটে থাকা ৪২ হাজার ২০০ টাকা এবং প্রায় দুই হাজার টাকা মূল্যের একটি নকিয়া বাটন মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
সেখান থেকে তাঁর ভাইয়েরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আক্তারুজ্জামান বাপ্পী, তাঁর ভাই বাবলু ও তাঁদের সহযোগী প্রায় ১৫ জনের একটি দল এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটতরাজের সঙ্গে জড়িত।
তাঁদের ভয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না। বর্তমানে অভিযুক্ত বাপ্পী তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। তাঁকে ও তাঁর দুই ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁদের স্ত্রীদের তুলে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে তিন ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত বক্তব্যে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, বিনা অনুমতিতে এলাকায় পুলিশ প্রবেশ করলে পুলিশকেও সাতক্ষীরা ছাড়া করার হুমকি দিয়েছেন বাপ্পী।
সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন বলেন, তাঁরা শান্তিপ্রিয় মানুষ। ঝাউডাঙ্গা এলাকায় নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে চান।
এ জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com