প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ২:৫৮ পি.এম
সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় একটি পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ হয়ে গৃহকর্তা ও তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মেশানো হয়। পরিবারের সদস্যরা সেই খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও আসবাবপত্রের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে কারও সাড়া না পেয়ে খোঁজ নিতে যান। এ সময় তাঁরা গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের পরিবারের ৬ সদস্যকে উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারের অবস্থায় আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। পরিকল্পিতভাবে খাবারে চেতনানাশক মিশিয়ে এভাবে লুটপাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, পরিবারের সদস্যরা রাতে খাওয়ার পর অচেন হয়ে পড়েছে দূবৃত্তরা সবকিছুই লুট করে নিয়ে গেছে। তিনি বলেন এমন ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com