যশোর প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির কোন সুযোগ নেই। এটি নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এ সংশোধনী এনেছি বৃদ্ধ বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য।
মন্ত্রী আজ (শনিবার) বিকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ আইনকে অনেকেই বলছেন হেবা আইনের লঙ্গন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি এ আইন তা নয়। আমরা ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী এনেছি। সেই সংশোধনী অধ্যায়ে স্পষ্ট ভাবে বলা আছে হেবা কিংবা অন্য যে কোন ধর্মের হস্তান্তর আইন এই সংশোধনী দ্বারা বাধাঁগ্রস্ত হবে না। এই অংশটুকু বিতর্ক সৃষ্টিকারীরা পড়ছেন না, তারা না পড়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আমরা বিনয়ের সাথে বলবো আইনটা পড়ুন।
তিনি আরও বলেন, আমরা ইসলামি, হিন্দু কিংবা অন্য কোন ধর্মীয় আইনে হাত দেইনি এবং দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। আমরা যা করছি মানুষের কল্যাণের জন্য করছি। গোটা বিশ্বের এই সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করেছি। মালয়েশিয়া, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে এমন জনকল্যাণ আইন চালু আছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কর্মসূচিকে সামনে নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে সক্ষম হবো।
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
২২ হাজারের অধিক চাকরি প্রত্যাশী মেলায় অংশ নেন। সেখান থেকে এক হাজার ১১৫ জনকে স্পট থেকে চাকরি প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com