প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:৫৫ পি.এম
শ্যামনগরে ট্রাকচাপায় নিহত ১
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকের চাপায় আব্দুল আজিজ (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও; আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর (গোডাউন মোড়) এলাকার বাসিন্দা এবং জয়নগর গাজী বাড়ির সন্তান। তিনি স্থানীয় ইজিবাইক চালক হাফিজুর ও মাজিদ মিস্ত্রির মেজ ভাই।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আব্দুল আজিজ। পথিমধ্যে বংশীপুর থেকে ভেটখালীগামী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ প্রাণ হারান এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত নারীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করেন।
এদিকে, ছেলের বিয়েকে ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে যে আনন্দ-উৎসবের আমেজ চলছিল, আকস্মিক এই দুর্ঘটনায় তা মুহূর্তেই বিষাদে রূপ নেয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক সহ চালককে আটকের জন্য পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com