প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:৫৯ পি.এম
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় হঠাৎ তাপমাত্রার পরিবর্তন ও শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া।
এসব রোগে আক্রান্ত শিশুদের নিয়ে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। গত ৫০ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১২’শ ১৯ শিশু।
রোগীর তুলনায় শয্যা কম থাকায় অনেক শিশুকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে চিকিৎসক সংকট, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৭৫০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ২৫০ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৫০০ শিশু।
একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ শিশু। এদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১১০ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৮০ জন।
এছাড়া জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১১৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৪৯ শিশু। হাসপাতালটির পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, এই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত কতসংখ্যক শিশু চিকিৎসা নিয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।
হাসপাতালগুলোতে রোগী ভর্তির এই চিত্র বলছে, শীতের পরিবর্তিত আবহাওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। ফলে সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে চিকিৎসাসেবা দিতে গিয়ে বিপাকে পড়ছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
সাতক্ষীরা সদর হাসপাতালের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকায় শিশুদের অনেককেই ওয়ার্ডের বাইরে বারান্দায় কিংবা মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রামের বাসিন্দা রোজিনা খাতুনের ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হলে গত ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকের পরীক্ষায় শিশুটির নিউমোনিয়া শনাক্ত হয়। কিন্তু হাসপাতালে শয্যা না থাকায় তাকে রাখা হয়েছে বারান্দায়। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে মা রোজিনার।
পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তার দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ওয়ার্ডে শয্যা না পেয়ে শিশুটিকে রাখতে হয়েছে হাসপাতালের বারান্দায়। সেখানে নেবুলাইজারের মাধ্যমে তার শ্বাসকষ্ট কমানোর চেষ্টা চলছে।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ড এবং এর আশপাশে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা রয়েছে মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু সেখানে ভর্তি থাকে।
অন্যদিকে শিশু ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকে ২০ থেকে ৩০ জন। সীমিত শয্যা ও জনবল দিয়ে এত বিপুলসংখ্যক শিশুকে সেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং তাপমাত্রার ওঠানামার কারণে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট দ্রুত গুরুতর অবস্থায় পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই শিশুদের শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া, বুক দেবে যাওয়া কিংবা ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
এদিকে শিশু রোগীর বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে সদর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকটের কারণে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
বলেন, শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে শীত মৌসুমে রোগীর চাপ আরও বাড়লে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। তিনি বলেন আগামী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমান জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়।
তিনি বলেন, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন বিষয়টির অনুমোদন পাওয়া যায়নি। তবে হাসপাতালটির সক্ষমতা বাড়ানোর জন্য পুনরায় উদ্যোগ নেওয়া হবে।
শিশু বিশেষজ্ঞ ডাঃ আজিজুর রহমান বলেন,
শীতের মৌসুমে শিশুদের রোগবালাই বাড়ার এই পরিস্থিতিতে সাতক্ষীরার হাসপাতালগুলোতে দ্রুত শয্যা ও চিকিৎসক সংকট নিরসন করা না গেলে সাধারণ পরিবারের শিশুদের চিকিৎসা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।