প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৫১ পি.এম
রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি : ‘উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপকূল দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণা, উপকূলীয় এলাকার উন্নয়নে জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সেই ভয়াবহ বিপর্যয়ের ৫৬ বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত হয়নি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে উপকূলের মানুষকে।
বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে পৃথক বোর্ড গঠন এখন সময়ের দাবি।
তারা বলেন, উপকূল বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। তাই উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি ও সমস্যাকে জাতীয় পর্যায়ে গুরুত্ব দিতে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করার দাবী জানান।
এদিকে, এর আগে সকালে শ্যামনগরের হরিনগর বাজারসংলগ্ন মালঞ্চ নদীর তীরে পৃথকভাবে উপকূল দিবস পালন করা হয়। সিডিও ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও যুব সদস্যরা অংশ নেন।
স্বেচ্ছাসেবক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. মাহফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী আমির হামজা আবু, সিডিওর সিনিয়র স্বেচ্ছাসেবক রিনা খাতুন, মো. আতাউর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কাইম হোসেন, মো. সাকিব হোসেন, মো. নাজমুল হোসেন ও মো. মিলন হোসেন।
সভায় বক্তারা উপকূলবাসীকে প্রতিবছর ত্রাণনির্ভর করে না রেখে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় উন্নয়নে জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রম সমন্বয়ে পৃথক উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, নদী-খাল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com