রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (০৯ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে রাত সাড়ে ৯টার দিকে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিতে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান, ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় পার্কিং করে রাখা দুটি বাসের মাঝের ফাঁকা জায়গায় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আটক ব্যক্তির নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে জানা গেছে।
অন্যদিকে, ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকার পাশ থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এদিকে, মগবাজার ফ্লাইওভারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া রাজধানীর মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী ও গেণ্ডারিয়া সংলগ্ন দয়াগঞ্জ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com